রাজধানীতে সোনার দোকানে দেড়শ’ ভরি অলঙ্কার চুরি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:১২
রাজধানীর কচুক্ষেতে রজনীগন্ধা সুপার মার্কেটে একটি সোনার দোকান থেকে দেড়শ’ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। রবিবার রাতে চোর ঐ দোকানের পাশের দোকানের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে এই চুরি করে। চুরির ঘটনায় মালিক শামসুল হক ভুঁইয়া বাদী হয়ে ভাষানটেক থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, মার্কেটের নিচতলায় ‘স্বর্ণালী জুয়েলার্সে’ এই চুরি হয়। রবিবার রাত ৯টার দিকে কর্মচারীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। গতকাল সোমবার সকালে কর্মচারীরা দোকানে ঢুকে দেখতে পায় শো-কেস এলোমেলো ছড়ানো-ছিটানো। দোকানের দেয়াল কেটে চোর প্রবেশ করেছিল। পুলিশ দেখতে পায় জুয়েলার্সের পাশে ‘লিটন হার্ডওয়্যারের’ গ্রিল কেটে চোর দোকানে প্রবেশ করে। পরে লিটন হার্ডওয়্যারের দেয়াল কেটে তারা স্বর্ণালী জুয়েলার্সে প্রবেশ করে।