বগুড়ায় রেক্কাত হত্যার ঘটনায় গ্রেফতার ৪

বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহবায়ক খায়রুল আনাম রেক্কাত হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ৪জনকে গ্রেফতার করেছে বগুড়ার গোয়েন্দা (ডিবি) পুলিশ । এদের মধ্যে একজন হত্যাকাণ্ডের বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। সেই সাথে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে ৩রাউন্ড গুলিসহ ১টি বিদেশি পিস্তল এবং ৭টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মোজাম্মেল হক এ তথ্য জানান। গ্রেফতারকৃতরা হচ্ছে বগুড়া শহরের রহমাননগর এলাকার শামীম শেখের ছেলে মাসুদ (২৪), একই এলাকার মৃত কালামের ছেলে মাহমুদুল হাসান, ঠনঠনিয়া নতুন পাড়ার মৃত জামালউদ্দিনের ছেলে পিন্টু মিয়া এবং রহমাননগরের মৃত মেহেদুল সরকারের ছেলে কনক সরকার। গত ১৭ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় একদল অস্ত্রধারী স্বেচ্ছাসেবক লীগ নেতা রেক্কাতকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়। পরে চিকিত্সাধীন অবস্থায় রেক্কাত মারা যায়।