জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো ঘেরাও
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:৩২
জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ২১৩৬ জনের চাকরি রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে গতকাল সোমবার কাকরাইলে কর্মচারীরা বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেছে। এসময় কর্মচারীরা সামনের রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
ভুক্তভোগী কর্মচারীরা জানান, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর একটি প্রকল্পের অধীন ২০০১ সালে ২৬টি কারিগারি প্রশিক্ষণ কেন্দ্রে ২১৩৬ জন কর্মচারী নিয়োগ হয়। কিন্তু ২০০৯ সালে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কর্মচারীরা আর কোন বেতন পাচ্ছেন না। এ ক্ষেত্রে কর্মচারীদের দাবি, তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হোক। এ দাবিতে তারা সোমবার প্রশিক্ষণ ব্যুরো ঘেরাও করার কর্মসূচি দেয়। সকাল ১০ টার দিকে প্রায় দেড় হাজার কর্মচারী প্রশিক্ষণ ব্যুরোর সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। এসময় কর্মচারীরা সামনের রাস্তা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টার ধাওয়ার পর কর্মচারীরা প্রশিক্ষণ ব্যুরোতে অবস্থান নেয়। পরে সেখানে কর্মচারীরা সমাবেশ করে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামসুন্নাহারের কাছে স্মারকলিপি দেয়।