খালেদা জিয়াকে ৬টি পথসভার অনুমতি দিয়েছে ডিএমপি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:৩৩
আগামীকাল বুধবার রাজধানীতে গণসংযোগ কর্মসূচিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৬টি পথসভা করার অনুমতি পেয়েছেন। পথসভার স্পটগুলো হচ্ছে- গাবতলী, কাওরান বাজার, ধোলাইখাল, যাত্রাবাড়ী, সবুজবাগ ও বাড্ডা। সকাল ১১টায় খালেদা জিয়া এই গণসংযোগ শুরু করবেন। নির্দলীয় সরকারের দাবিতে জনমত গড়ার লক্ষ্যে ১৮ দলীয় জোটের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়া রাজধানী ঢাকায় এবং অন্য ৭টি মহানগরীতে জোটের শীর্ষ নেতারা গণসংযোগ করবেন।
বেগম খালেদা জিয়ার এই গণসংযোগ কর্মসূচি সফল করতে সরকারের সহযোগিতা কামনা করে দলের প্রধান সমন্বয়কারী তরিকুল ইসলাম বলেছেন, রাজধানীতে ৬টি পথসভার অনুমতি পাওয়া গেছে। গতকাল সোমবার নয়াপল্টন কার্যালয়ে ১৮ দলীয় জোটের মহাসচিবদের বৈঠকশেষে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তরিকুল ইসলাম বলেন, আমাদের এই কর্মসূচি হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। আমরা এই শান্তিপূর্ণ কর্মসূচি সফল করতে সরকারের সর্বাত্মক সহযোগিতা চাই। জনগণকে জানাতে চাই, এই গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে আপনারা নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করুন। আমরা মানববন্ধনের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে গেলেও পুলিশ বাধা দেয়। মানববন্ধন হচ্ছে নিরামিষ কর্মসূচি। সেই কর্মসূচিতে সরকারের কেন এতো ভয় আমরা বুঝতে পারি না। মানববন্ধন কর্মসূচি যদি সরকারের ভাষায় অশান্তির কর্মসূচি হয়, তাহলে শান্তিপূর্ণ কর্মসূচির সংজ্ঞা কী? আগেই বলেছি, ২৬ ডিসেম্বর পর্যন্ত আমরা হরতালের মতো কোন কর্মসূচি দেব না। ২৬ ডিসেম্বরের কর্মসূচি শেষে জোট নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।
মহাসচিবদের বৈঠকে সভাপতিত্ব করেন তরিকুল ইসলাম। বৈঠকে বুধবারের গণসংযোগ কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর সদস্যসচিব আবদুস সালাম, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মহানগর নেতা শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব আলমগীর মজুমদার, ন্যাশনাল পিপ্ল্স পার্টির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, কল্যাণ পার্টির মহাসচিব আবদুল মালেক চৌধুরী, মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, ইসলামিক পার্টির আবদুর রশীদ প্রধান, জাগপা‘র মহাসচিব খন্দকার লুত্ফুর রহমান, পিপ্ল্স লীগের সৈয়দ মাহবুব হোসেন, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন, জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব মহিউদ্দিন একরাম উপস্থিত ছিলেন।