বিএনপি ছাড়া নির্বাচন করলে দেশে গৃহযুদ্ধ হবে :এম.কে.আনোয়ার
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:৩৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, নিজেদের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতা দখলের চেষ্টা করলে তা কখনো সফল হবে না। বিএনপিকে বাদ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে। এমন পরিস্থিতি আমরা চাই না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মত্স্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাবসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের নিঃশর্ত মুক্তি এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীর সকল মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।
এম কে আনোয়ার বলেছেন, সরকার বলতে যা বুঝায় তা দেশে নেই। আছে একটি সন্ত্রাসী গোষ্ঠী, যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ছলে বলে কৌশলে ক্ষমতায় চিরস্থায়ীভাবে টিকে থাকা। সরকার নির্যাতন গ্রেফতারের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক আন্দোলকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।
ফরিদা মনি শহীদুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, হেলেন জেরিন খান প্রমুখ।