কেরানীগঞ্জে অজিত করাতি হত্যায় ৫ জনের ফাঁসি

ঢাকার কেরানীগঞ্জে অজিত করাতি হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির দন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্তরা হচ্ছে: সালাউদ্দিন, মনোরঞ্জন, উমেশ করাতি, গোপাল করাতি ও পরান করাতি। এছাড়া রাধাকান্ত করাতি ও শহীদুল ইসলামকে ১০ বছর সশ্রম করাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদন্ড দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১২ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজেদুর রহমান গতকাল সোমবার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় শুনে দন্ডিতরা কান্নায় ভেঙ্গে পড়েন। ফাঁসির দন্ড প্রাপ্তদের মধ্যে একমাত্র উমেশ করাতি পলাতক, বাকিরা কারাবন্দি। তাদের উপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়। ২০০৪ সালের ২০ এপ্রিল জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে অজিত করাতিকে হত্যা করা হয়। এ সময় আসামিরা ভাঙচুর ও ৪টি বাড়িতে লুটপাট চালায়। ঘটনার পরদিন অজিতের ভাই তপন করাতি কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, কেরানীগঞ্জের আতাশুর গ্রামে অজিত করাতিদের ২৮১ শতাংশ জমি ছিল যা তারা পৈতৃক সূত্রে ভোগদখল করে আসছিলেন। ঘটনার দিন সন্ত্রাসীরা রড, রামদা, টেটা, বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে ওই সম্পত্তি দখল করতে অজিত করাতি, প্রিয়নাথ, তপন, মধু ও সুমন করাতির বাসায় ভাঙচুর ও লুটপাট চালায়। এসব বাসা থেকে নগদ টাকাসহ লুট করে স্বর্ণালঙ্কার। অজিত করাতিতে কুপিয়ে হত্যা করে আসামিরা। ওই বছর ৩০ জুন ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। শুনানি শেষে ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এরপর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্কশেষে গতকাল এ রায় ঘোষণা করে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি মাহবুবুর রহমান।