যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণে আইন চায় না এনআরএ

যুক্তরাষ্ট্রে একটি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে বহু শিশু হতাহত হওয়ার পর দেশটিতে যখন অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে তখন প্রস্তাবিত অস্ত্র নিয়ন্ত্রণ আইনের বিরোধীতা করছে অস্ত্র রাখার পক্ষের গোষ্ঠী ন্যাশনাল রাইফেলস এসোসিয়েশন (এনআরএ)। খবর এনবিসির। এনআরএ’র প্রধান ওয়াইনে লাপিয়েরে বলেন, দেশের স্কুলগুলোকে রক্ষায় সবচেয়ে কার্যকর উপায় হলো স্কুলে সশস্ত্র প্রহরী রাখা। রবিবার এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি আরো বলেন, আমরা মনে করি না অস্ত্র নিয়ন্ত্রণ আইন কাজ করবে এবং আমরা এতে সমর্থন দিচ্ছি না। শুক্রবার দেশজুড়ে প্রতিটি স্কুলে সশস্ত্র প্রহরী নিয়োগ দেয়ার প্রস্তাব দিয়েছিলেন লাপিয়েরে। সাধারণ অস্ত্র থেকে উচ্চক্ষমতা সম্পন্ন গোলাবারুদ সমৃদ্ধ অস্ত্রের ওপর যেকোন নিষেধাজ্ঞা আরোপের বিরোধীতা করেন তিনি। গত সপ্তাহে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, আগ্নেয়াস্ত্র নিয়ে আলোচনা সেকেলে হয়ে গেছে। অস্ত্র সহিসংতা প্রতিরোধে একটি কেন্দ্রীয় কমিশনের প্রধান হিসেবে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়োগ দিয়েছেন ওবামা। যুক্তরাষ্ট্রে ব্যক্তি মালিকানায় ২০ থেকে ৩০ কোটি আগ্নেয়াস্ত্র রয়েছে। গত ১৪ ডিসেম্বর কানেকটিকাটের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে ২০ শিশুসহ ২৬ জন নিহত হয়।