ভারত সফরে পুতিন, ৪০০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:৩৮
ভারত সফরকালে ৪০০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তিসহ ১০টি চুক্তি স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে পুতিনের বৈঠকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান এবং পরমাণু শক্তির বিষয়ে আলোচনা হয়েছে। খবর বিবিসি ও এনডিটিভির।
চুক্তির আওতায় ২৯০ কোটি মার্কিন ডলার মূল্যের ১১৩টি রুশ জঙ্গি বিমান ও হেলিকপ্টার কিনবে ভারত। এগুলো হচ্ছে রাশিয়ার সুখোই সু-৩০ নামের ৪২টি জঙ্গি বিমান ও মিল মি-১৭ নামের ৭১টি হেলিকপ্টার। বহুদিন থেকে নয়াদিল্লি মূলত মস্কো থেকে যুদ্ধাস্ত্র কিনছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা কোম্পানিগুলোর সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি করেছে ভারত। এছাড়া ভারত ও রাশিয়ার মধ্যে প্রতি বছর ১ হাজার কোটি মার্কিন ডলারের বাণিজ্যিক লেনদেন হয়। সম্প্রতি এ লেনদেনের পরিমাণ তেমন বাড়ছে না। গতকাল সোমবার একদিনের সফরে গিয়ে পুতিন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। এ সফরের আগে ২০১৫ সালের মধ্যে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ২ হাজার কোটি ডলারে উন্নীত করার ইচ্ছার কথা জানিয়েছিলেন পুতিন। গতকাল শেষ মুহূর্তে বৈঠকের স্থান হায়দ্রাবাদ হাউজ থেকে ৭, রেসকোর্স রোডে সরিয়ে নেয়া হয়। দেশটিতে একটি গণধর্ষণের ঘটনায় নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভের ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।