নিউজউইকের শেষ মুদ্রণ সংখ্যা

নিউজউইকের এখন যে সংখ্যাটি পাঠকের হাতে আছে এটিই মুদ্রণ সংস্করণের শেষ সংখ্যা। ছাপার অক্ষরে আর বের হবে না নিউজউইক। নতুন বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে পাঠকরা তাদের প্রিয় নিউজউইক পাবেন আইপ্যাড, কিন্ডল অথবা মোবাইল ফোনে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে পুরোপুরি ডিজিটাল ‘নিউজউইক গ্লোবাল’ পাবেন পাঠকরা। কখনো কখনো পরিবর্তন ভাল নয়, এটি অত্যাবশ্যকীয় নিউজউইকের ছাপার অক্ষরের বিদায়ী সংখ্যায় বলা হয়, এটি কোন গতানুগতিক সাময়িকী নয় অথবা ঐতিহ্যের প্রতি অতিরিক্ত শ্রদ্ধাশীল হবার স্থান নয়। আমরা সর্বশেষ ও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতেছি। ডিজিটাল মাধ্যমকে গ্রহণ করছি। এই মাধ্যমকেই একদিন সবার গ্রহণ করতে হবে। সাময়িকীটি শিগগির ৮০ বছরে পদার্পণ করবে। আগামী ফেব্রুয়ারিতে সব পরিবর্তন সাধন করে বলিষ্ঠভাবেই আবার পাঠকের সামনে হাজির হব। পাঠকদের এক নতুন জগতে নিয়ে যাব। একটি বিষয় উল্লেখ করতে চাই- আমরা সাংবাদিকতার সর্বোচ্চ অবস্থানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, এটি পরিবর্তন হবে না। এই বৈশিষ্ট্য না থাকলে আমরা নিউজউইক হতে পারতাম না। মুদ্রণ সংস্করণকে বিদায় জানালেও আমাদের ১৫ লাখ পাঠকের কথা আমরা মনে রাখি।