আফগানিস্তানে মার্কিন উপদেষ্টাসহ নিহত ৬
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:৪০
আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল সোমবার এক নারী পুলিশের গুলিতে মার্কিন সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। এছাড়া দেশটির উত্তরে এক অফিসারের গুলিতে পুলিশের ৫ সদস্য নিহত হয়েছে। দেশটিতে সম্ভবত এটাই প্রথম কোনো নারীর হামলা। খবর বিবিসির।
গতকাল স্থানীয় সময় সকাল সোয়া ১০টায় কাবুলের পুলিশ অধিদপ্তরে একটি অনুষ্ঠান চলাকালে এই ঘটনা ঘটে। নারগিস নামের এই হামলাকারীকে আটক করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। সমপ্রতি আফগানিস্তানে অভ্যন্তরীণ হামলার পরিমাণ বেড়ে গেছে। এতে ন্যাটোর অনেক সেনা হতাহত হয়েছেন।
আফগান কর্মকর্তারা বলছেন, ঐ নারী পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ প্রধানের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় ঐ মার্কিন উপদেষ্টা ক্যান্টিনে যাচ্ছিলেন। তখন নারগিস উপদেষ্টাকে লক্ষ্য করে তার পিস্তল দিয়ে গুলি করে। তার সঙ্গে তালেবানের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। এর কয়েক ঘন্টা পর জওযান প্রদেশের খোশ তেপা জেলায় একজন পুলিশ তার ৫ সহকর্মীকে হত্যা করেন। হত্যাকারী পরে পালিয়ে যায়।