মেহনতী মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টামন্ডলীর সদস্য মনজুরুল আহসান খান বলেছেন, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে সরকার দলীয় লোকজন ও আমলা-মন্ত্রীরা সম্পদের পাহাড় গড়লেও এদেশের কৃষক-শ্রমিক-মেহনতী মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। নিজেদের কৃষকবান্ধব বলে মনে করলেও এ সরকার মূলত লুটপাটবান্ধব সরকার। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক কৃষক সমাবেশে তিনি এ কথা বলেন। ফসলের ন্যায্যমূল্য ও কৃষি উপকরণের দাম কমানোসহ ১২ দফা দাবিতে দেশের ১২টি অঞ্চলে সমাবেশের অংশ হিসাবে গতকাল এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সমিতি এ সমাবেশের আয়োজন করে। কৃষক সমিতি ঢাকা জেলার আহ্বায়ক কৃষক নেতা সুকান্ত শফি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে কৃষক সমিতির সভাপতি মোর্শেদ আলী, সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, লীনা চক্রবতী, জাহিদ হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।