খুনিদের পক্ষ নেয়ায় খালেদা জিয়ার সঙ্গে সংলাপ নয়

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আগামী নির্বাচন নিয়ে দুই নেত্রীর সংলাপ নাকচ করে দিয়ে বলেছেন, শেখ হাসিনা আর খালেদা জিয়া কখনো একসঙ্গে বসতে পারেন না। কারণ শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছেন, অন্যদিকে খালেদা জিয়া খুনিদের পক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। খুনিদের সঙ্গে কোন সংলাপ করতে চাইলে জনগণই বেড়া দিয়ে সরকারকে রুখবে। গতকাল সোমবার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তরের সামনে স্থাপিত আওয়ামী লীগের বিজয় মঞ্চে তাঁতী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল ‘বিজয় মঞ্চে’ আবারো হাজারো জনতা ঐকবদ্ধভাবে যুদ্ধাপরাধীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে। সোমবার মঞ্চে মিছিল আর শ্লোগান নিয়ে জনতার জোয়ার নেমেছিল। তাঁতী লীগের আহ্বায়ক এনাজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি, তহুরা আলী এমপি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নূরজাহান বেগম মুক্তা প্রমুখ।