সন্তানদের নিয়ে আলাদা থাকছেন রোকেয়া প্রাচী

এ দেশের গুণী অভিনেত্রী রোকেয়া প্রাচী আর অধ্যাপক আসিফ নজরুল দম্পত্তির ভেতরে সাংসারিক সম্পর্কের ইতি টেনেছেন। একসাথে থাকছেন না তারা। নিজেদের পারস্পরিক সমঝোতায় এই দূরত্বে তাদের অবস্থান। রোকেয়া প্রাচী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসিফ নজরুলের বাসা ছেড়ে গত আগস্ট মাসেই ইস্কাটনে তার মায়ের বাসায় চলে আসেন। এরপর তিনি তার সন্তানদের নিয়ে আলাদা বাসা ভাড়া করেন। উল্লেখ্য, রোকেয়া প্রাচী গেল কয়েক বছর ধরেই অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে জড়িত ছিলেন। এ ছাড়া একুশে টিভিতে তিনি একটি নিয়মিত টক শো সঞ্চালনা করেন। তার এই সাংসারিক বিচ্ছেদ প্রসঙ্গে রোকেয়া প্রাচী বলেন, ‘এটা তো একেবারেই ব্যক্তিগত প্রসঙ্গ তাই টেলিফোনেও খুব বেশি বলা যাবে না। তবে আমরা আর একসাথে থাকছি না, আমাদের মতপার্থক্যের জন্য। তাই দুজন মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি।’