ফসল নষ্ট করে আশ্রয়ণ প্রকল্প তৈরির অভিযোগ
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:২৬
চরভদ্রাসনে হরিরামপুর ইউনিয়নের ভাটি শালেপুর চরে ৪১টি পরিবারের ১২ বিঘা জমির কয়েক লাখ টাকার রবিশস্য নষ্ট করে আশ্রয়ণ প্রকল্পের মাটি ভরাটের কাজ চলছে। এই নিয়ে এলাকাবাসী ও জমির মালিকগণ ফসলি জমি রক্ষার্থে প্রকল্পের কাজ বন্ধ করার জোর দাবি জানিয়ে লাঠি ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। উক্ত জমির দাবিদার মোঃ ওয়াসেল উদ্দিন (৭৯), সাজেদা খাতুন (৬৭), সাত্তার বিশ্বাস (৫০), রাজ্জাক বেপারী (৫৫) বলেন, বাপ-দাদার আমল থেকে আমরা এই জমি ভোগদখল করে আসছি। সরকারকে ১৮ বত্সর খাজনাও দিয়েছি। জানা যায়, উক্ত প্রকল্প বন্ধের জন্য জমির মালিকগণ হাইকোর্টে রিট করেন। এখন তাদেরকে বিনা নোটিসে ফসলি জমি ছাড়তে বলা হচ্ছে। তারা অভিযোগ করে বলেন, উক্ত প্রকল্পের লোকজন জমিতে মাটি ফেলে রবিশস্য নষ্ট করছে। প্রকল্পটি সি.ডি.এম.পি.-রর এর অধীনে করা হচ্ছে। এই প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার দিল আফরোজা বেগম বলেন, হাইকোর্ট উক্ত রিট ভ্যাকেট করে, সেই মূলে জমিতে কাজ চলছে। জমির মালিকগণ আরোও জানান, এই চরে ২টি আশ্রয়ণ কেন্দ্র রয়েছে। সেখানে ৮০টি পরিবারের মধ্যে রয়েছে ২০টি পরিবার। উক্ত প্রকল্পের অনেক অনাবাদী জমি পতিত পড়ে আছে। সেখানে আশ্রয়ণ কেন্দ্র করলে আমাদের ফসলি জমিগুলো বেঁচে যায়। আমরা অর্থনৈতিকভাবে ক্ষতির হাত থেকে রক্ষা পাই।