নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসন

সম্ভাব্য প্রার্থীদের পোস্টারিং আর বিলবোর্ড প্রতিযোগিতা

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনার ৫টি সংসদীয় আসনে গ্রামে-গঞ্জে বা চায়ের টেবিলে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে নেত্রকোনার ৫টি আসনে আওয়ামী লীগ বা ১৪ দলীয় জোটের এমপি রয়েছেন। নেত্রকোনা-১ আসনের (দুর্গাপুর-কলমাকান্দা) বর্তমান এমপি হচ্ছেন মহাজোটের মোশতাক আহমেদ রুহী। এই আসনে তার বড় অবদান দুর্গাপুর সড়ক সংস্কার শুকনাকুড়ি সেতু নির্মাণ কাজ সমাপ্ত করা। মোশতাক বলেন, তিনি আগামী সংসদ নির্বাচনেও এই আসন থেকে মনোনয়ন পাবেন এবং জয়লাভ করবেন। এই আসনে তার বিপক্ষে নিজ দলীয় শক্তিশালী কোন প্রার্থী না থাকলেও এই আসনের সাবেক এমপি নিহত জালাল তালুকদারের পুত্র কুতুবউদ্দিন তালুকদার রয়েল মনোনয়ন পেতে আগ্রহী। পিতার মৃত্যুর ঘটনাকে কাজে লাগিয়ে তিনি এলাকায় কাজ করছেন। এছাড়া এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে পারেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছবি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক খান, আওয়ামী লীগ নেতা এসএম ফখরুল ইসলাম ফিরোজ। এই আসনে সিপিবি থেকে এবার নির্বাচন করবেন সিপিবির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মনিসিংহের পুত্র ডা. দিবালোক সিংহ। তিনি একটি বেসরকারি সংস্থার মাধ্যমে এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। অপরদিকে ১৮ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থীরা পোস্টারিং আর বিলবোর্ডের প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। ২০০১-এর নির্বাচনে এই আসনের এমপি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ করিম আব্বাসী। তিনি ১/১১-এর কিছুদিন আগে কর্ণেল অলির এলডিপিতে যোগদান করে আলোচিত হন। পরে তিনি গ্রেফতারও হন। তিনি এই আসনে ১৮ দলীয় জোটের অত্যন্ত শক্তিশালী প্রার্থী। তিনি ইতিমধ্যে এলাকায় জনসংযোগ শুরু করেছেন। এছাড়া এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে চেষ্টা করছেন এরশাদ আমলের সাবেক এমপি বর্তমানে বিএনপি নেতা এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম রব্বানী। এলাকায় তার জনপ্রিয়তা কারো চাইতে কম নয়। এই আসনে আর একজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হচ্ছেন নেত্রকোনা জেলা বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর আলম মাসুদ। তিনি দু’টি উপজেলাতেই সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন। এবার তিনি মনোনয়ন পাবেন বলে আশা প্রকাশ করেছেন। এই আসনে বিএনপির অপর একজন শক্তিশালী প্রার্থী হচ্ছেন দুর্গাপুর উপজেলার বিএনপি নেতা সেলিম রেজা খান। তিনি প্রার্থী হতে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়া এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেতে তত্পর কলমাকান্দার ব্যারিস্টার কায়সার কামাল। তিনিও সভা-সমাবেশ শুরু করেছেন। এই আসনে বিএনপির অপর প্রার্থীরা হচ্ছেন: দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, এডভোকেট হামিদুর রহমান রাশেদ এবং এডভোকেট আব্দুল ওয়াহাব। জামায়াত থেকে মনোনয়ন পেতে তত্পর কলমাকান্দা উপজেলা জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান।