নবীনগরে এখনো চালু হয়নি ৫০ শয্যার হাসপাতাল
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৩১
জনবল, আসবাবপত্র ও যন্ত্রপাতির অভাবে ৩১ বেড থেকে ৫০ বেডে উন্নীত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণের দেড় বছরেও চালু হয়নি। তাই ৫০ বেডের সেবা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নবীনগর উপজেলার ৫ লক্ষাধিক বাসিন্দা। ৩১ বেড থেকে ৫০ বেডে উন্নীত হওয়ার পর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় ৬ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে ২০০৯ সালে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করে এবং ২০১১ সালের জুনে নির্মাণ কাজ শেষ হয়। ভবনটি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের নিকট হস্তাস্তর করলেও দেড় বছরেও ভবনটিতে কার্যক্রম শুরু হয়নি। ৫০ বেডে উন্নীত হওয়ার পর ১০ জন কনসালটেন্ট চিকিত্সক, সহকারী সার্জনসহ ১৯ জন মেডিক্যাল অফিসার, সুপারভাইজারসহ ১৫ জন নার্স, ৮ জন অফিস স্টাফসহ বিপুল পরিমাণ অপারেশনসহ বিভিন্ন যন্ত্রপাতি ও প্রয়োজনীয় আসবাবপত্র থাকার কথা। কিন্তু এখনো পর্যন্ত ৫০ বেডের কোন সুযোগ-সুবিধা বাড়েনি। ৩১ বেডের লোকজন, যন্ত্রপাতি ও আসবাবপত্র দিয়েই চালানো হচ্ছে। তাছাড়া ঔষধ প্রয়োজনের তুলনায় কম। স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাদেক মিয়া জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা, লোকবল, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও আসবাবপত্র দিয়ে ৫০ বেডের স্বাস্থ্য কমপ্লেক্সটি চালুর ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বারবার জানানোর পরও কোন কাজ হচ্ছে না।