পুলিশের মাথা উঁচু করে
কথা বলার পরিবেশ সৃষ্টি হয়েছে: আইজিপি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৩৭
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, এখন মাথা উঁচু করে কথা বলার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে পুলিশের। কেননা, স্বাধীনতার ৩৯ বছর পর পেয়েছে পুলিশ স্বাধীনতা পুরস্কার, ৪১ বছর পর পুলিশ প্রধানের পদ সিনিয়র সচিবের মর্যাদায় উন্নীত আর ৪২ বছর পর পুলিশ পরিদর্শকের পদ প্রথম শ্রেণী এবং উপ-পরিদর্শকের পদ দ্বিতীয় শ্রেণীর অফিসার করা হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টার কারণেই এসব সম্ভব হয়েছে। মঙ্গলবার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি বাংলাদেশ’র ৩০তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. এম এনামুল হক। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি এম শহিদুল ইসলাম চৌধুরী, মহাসচিব তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ কংসধর তরফদার প্রমুখ। তারা অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের চিকিত্সা, রেশনসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে সাবেক আইজিপি ড. এম এনামুল হক বলেন, আইজিপি হাসান মাহমুদ খন্দকার ভাগ্যবান। কারণ তার সময়ই সারদা একাডেমীর শতবর্ষ, পুলিশের স্বাধীনতাপদক প্রাপ্তিসহ সবকিছুই অর্জিত হয়েছে। তবে আর একটি বাকী আছে, পুলিশ ডিভিশন। এটিও হবে বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠানের তৃতীয় পর্যায় ছিল ২০১২-২০১৪ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচনে সর্বসম্মতিতে পুনর্নির্বাচিত হন সভাপতি ড. এম এনামুল হক, মহাসচিব আলহাজ্ব তাজুল ইসলাম। তবে সদস্যদের মধ্যে নতুন চারজন সদস্যের পরিবর্তন হয়েছে।