সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

রাজধানীর মতিঝিল সড়ক পার হওয়ার সময় পুলিশ ভ্যানের ধাক্কায় রফিক উদ্দিন ফকির (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এস আই মোজাম্মেল হক জানান, সোমবার রাতে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের সামনে ঐ ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। একই সময় তিনি পাশ দিয়ে যাওয়া পুলিশের ভ্যানে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। গতকাল দুপুরে রফিক উদ্দিন ফকিরের ভাগ্নে শোভন ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। পল্লবীর ডি ব্লকের ১০ নম্বর রোডে ২৪ নম্বর বাড়িতে রফিক উদ্দিন ফকির থাকতেন।