পৃথক দুর্ঘটনায় নিহত ৩

সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে আনোয়ার হোসেন (৪৫) নামে সিনহা গ্রুপের এক নাইটগার্ড নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায়এ ঘটনা ঘটে। গতকাল সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানান, অজ্ঞাতনামা দ্রুতগামী একটি গাড়ী তাকে চাপা দিলে এ ঘটনা ঘটে। নিহতের পিতার নাম গিয়াসউদ্দিন। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার ভদ্রপুর গ্রামে। গোবিন্দগঞ্জ সংবাদদাতা \ গাইবান্ধা গোবিন্দগঞ্জে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত হওয়ার ঘটনায় হাইওয়ে পুলিশকে দায়ী করে বিক্ষুব্ধ জনতা ২ ঘন্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। মহাসড়কের মোঘলটুলীতে হাইওয়ে পুলিশ একটি ট্রাক থামিয়ে চালককের কাছ থেকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে পুলিশ ট্রাক চালক ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে চালককে গাড়ী থেকে নামিয়ে তার সাথে কথা বলার সময় পাশ দিয়ে যাওয়া দ্রুতগামী অপর একটি ট্রাক ওই চালককে ধাক্কা দিলে সে ঘটনাস্থলে মারা যায়। গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বেরিকেট তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক আহমেদ বলেন, চাঁদা আদায়ের জন্য নয় রাস্তা পারাপারের সময় এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। গাইবান্ধা প্রতিনিধি \ রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের মোগলটুলি এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ট্রাক চাপায় কাওসার আহম্মেদ (২২) নামে এক পিকআপ ভ্যানের ড্রাইভার নিহত হয়েছে। নিহত কাওসার আহম্মেদ বগুড়া সদরের গোকুল গ্রামের রাজু মিয়ার ছেলে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা ও বাস-ট্রাক শ্রমিকরা সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে সড়কের দুইপার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে। পরে অতিরিক্ত পুলিশ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও এসে এ ঘটনার তদন্তসাপেক্ষে দোষীদের বিচারের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।