জৈন্তা সীমান্তে আরো একটি ব্যাঘ্র শাবক আটক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৪৪
সিলেটের জৈন্তা সীমান্তে একটি ব্যাঘ্র শাবক ধরা পড়ার ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার নিজপাট ময়নাহাটি গ্রামের ধান ক্ষেত থেকে এটিকে আটক করা হয়। এই বাঘ শাবকটিকে দেখতে গত সোমবার এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে উঠে। এলাকাবাসী জানান, আরিফুল হক (১৪) নামের এক যুবক বাঘের শাবকটি আটক করে । এলাকাবাসীর ধারণা, প্রচণ্ড শীতের কারণে বাঘের বাচ্চা গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে। তবে আবার কেউ কেউ মনে করছেন ক’দিন পরে পরেই বাঘের শাবক ধরা পড়ায় মনে হয় বাচ্চাগুলোর বাঘ-মা আশপাশের জঙ্গলে লুকিয়ে আছে। এলাকাবাসীর ভয়, যে কোন মুহূর্তে তারা গৃহপালিত পশু বা মানুষের উপর আক্রমণ করতে পারে । তাই আতংকে দিন কাটছে এলাকাবাসীর।
এলাকাবাসী জানান, গত ৪ মাসে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মোট ৪টি বাঘের শাবক আটক করা হয়। এদের মধ্যে গোয়াবাড়ী এলাকায় আটকের পর স্থানীয়রা এটিকে মেরে ফেলে। ১৫দিন পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ গ্রামে আরেকটি বাচ্চা আটক করা হয়। পরে বাচ্চাটি গলায় ফাঁস লেগে মারা যায়। এ ঘটনার ২দিনের ব্যবধানে নিজপাট লামাপাড়া গ্রাম থেকে আরো ১টি বাঘের শাবক আটক করে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।