ইয়ুথ ফোরামের বর্ষপূর্তি অনুষ্ঠান উদ্বোধন আজ

বাংলাদেশ ইয়ুথ ফোরামের বর্ষপূর্তি উপলক্ষে আজ ও আগামীকাল আন্তর্জাতিকমানের যুব উত্সব অনুষ্ঠিত হবে। যার নাম দেয়া হয়েছে ‘বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট ২০১২’। এতে সারা দেশ থেকে ৬০০ যুবক অংশ নেবেন। দুই দিনব্যাপী উত্সবের উদ্বোধন করবেন বেসরকারি বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রী কর্নেল (অব:) ফারুক খান। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফোরামের কর্মকর্তারা এসব কথা জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফোরামের সিইও তানজিনা নওশিন। আরো বক্তব্য রাখেন মো. মাহাবুর আলম শেখ, মো. মিজানুর রহমান, ব্যারিস্টার ফিরোজুর রহমান প্রমুখ। এ বছর আন্তর্জাতিকমানের এ উত্সবের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘‘ইয়ুথ ইম্পাওয়ারমেন্ট, ইয়ুথ ইমপ্লোয়মেন্ট, ইয়ুথ ইন্টারপ্রেনারশিপ’’। যুব উত্সবের উদ্দেশ্য হচ্ছে সারা দেশের যুব উন্নয়নের কাজের রিপোর্ট পেশ করা ও পরবর্তী কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। দুই দিনের উত্সবে যুব উন্নয়নের আটটি বিশেষ সেশন নিয়ে আলোচনা করা হবে। সেশনে দেশের বরেণ্যব্যক্তি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন। উত্সবের দ্বিতীয় দিনে থাকবে ১০জন শ্রেষ্ঠ যুব সংগঠকদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুব উত্সবে দেশের প্রতিটি উপজেলা থেকে একজন করে যুব প্রতিনিধি ও ৫০টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে দুইজন করে যুব ভলান্টিয়ার অংশ গ্রহণ করবে।