সাইক্লিংয়ে জাতীয় রেকর্ড গড়লেন তরিকুল

বিজেএমসির তরিকুল ইসলাম ৩৫তম জাতীয় সাইক্লিংয়ের দ্বিতীয় দিনে জাতীয় রেকর্ড গড়েছেন। তরিকুল গতকাল মঙ্গলবার পুরুষদের ১,০০০ মিটার স্প্রিন্টে আগের ১৫:১০ মিনিটের রেকর্ড ভেঙ্গে ১৪:৯৪ মিনিটে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এই ইভেন্টে ১৫:২০ মিনিট সময় নিয়ে একই দলের স্বপ্ন আলম দ্বিতীয় ও কুমিল্লা জেলার আব্দুল হাকিম ১৫:৭০ মিনিট সময় নিয়ে তৃতীয় হন। বিজেএমসির সোনিয়া ইয়াসমিন অভি মহিলাদের ১০০০ মিটার স্প্রিন্টে প্রথম, একই দলের নাবিলা ইসলাম মালা দ্বিতীয় এবং ঢাকা জেলার ফাতেমা আক্তার শিলা তৃতীয় স্থান অধিকার করেন। পুরুষদের ১৬০০ মিঃ টিম টাইম ট্রায়ালে বিজেএমসির ইফতেখার আলম রিফাত প্রথম, বিজিবির রিপন কুমার বিশ্বাস দ্বিতীয় এবং আনসারের ইফতিয়ার উদ্দিন আশিক তৃতীয় স্থান অধিকার করেন। এদিকে পুরুষদের ১০০০ মিটার টাইম ট্রায়ালে বিজিবির রিপন কুমার বিশ্বাস প্রথম, আনসারের ইকরামুল ইসলাম দ্বিতীয় এবং বিজেএমসির মোস্তফা কামাল তৃতীয় হন। অন্যদিকে মহিলাদের ১২০০ মিটার টিম টাইম ট্রায়ালে আনসারের আকাশী সুলতানা প্রথম, বিজেএমসির নাবিলা ইসলাম মালা দ্বিতীয় ও ঢাকা জেলার সুবর্ণা বর্মন তৃতীয় স্থান অধিকার করেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব আশিকুর রহমান মিকু মঙ্গলবারের বিজয়ীদের পুরস্কৃত করেন। বাংলানিউজ