নিউইয়র্কে আগুনের ‘ফাঁদ পেতে’ গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বড়দিনের একদিন আগে অগ্নিকাণ্ডের ফাঁদে পড়ে গুলিতে মরতে হলো দুই স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপন কর্মীকে। রোচেষ্টার শহরের ওয়েবস্টার উপশহরে সোমবার স্থানীয় সময় সকাল পৌনে ছয়টার দিকে ঘটে এই ঘটনা। ওই হামলার পর হামলাকারী নিজেও মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করে বলে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে। আগুনে ভস্মীভূত হয়েছে ৭টি বাড়ি। খবর রয়টার্সের। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো তিনজন। পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ড ঘটানোর জন্যই আগুন লাগিয়ে দিয়ে ‘ফাঁদ’ পাতা হয়েছিল। পুলিশ জানায়, একটি বাড়িতে আগুন লাগার খবর পেয়ে চার স্বেচ্ছাসেবক ঘটনাস্থলে ছুটে যান এবং গুলির মুখে পড়েন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। দুই স্বেচ্ছাসেবক ছাড়াও এক পুলিশ সদস্য এ ঘটনায় আহত হয়েছেন। দায়িত্বে না থাকলেও আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। ওয়েবস্টারের পুলিশপ্রধান জেরাল্ড পিকারিং জানান, ১৭ বছরের কারাভোগ করা উইলিয়াম স্প্যাংলার (৬২) ওই অগ্নিনির্বাপণকর্মীদের ওপর গুলি করেন। তার গুলিতে আহত হয়েছেন আরও দুজন। পরে একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে গুলিবিনিময়ের পর উইলিয়াম নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। আট বছর আগে তিনি মুক্তি পান। আগুনে যে সাতটি বাড়ি পুড়ে গেছে, তার একটি ছিল স্পেংলারের এক বোনের। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ। পুলিশের ধারণা, অগ্নিকাণ্ডে তারও মৃত্যু হয়ে থাকতে পারে। কানেকটিকাটে বন্দুকধারীর গুলিতে ২০ স্কুলশিশুসহ ২৬ জনের মৃত্যুর রেশ না কাটতেই নিউইয়র্কের এই হত্যাকাণ্ডে হতবিহ্বল মার্কিনীরা।