লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ৬ পুলিশসহ গুলিবিদ্ধ ১৫

সদর উপজেলার দত্তপাড়া বাজার কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নূর হোসেন শামীম ও সাবেক ইউপি সদস্য আজিজ বাহিনীর সঙ্গে পুলিশের সংঘর্ষে ৬ পুলিশসহ ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে শামীম ও আজিজ বাহিনীর লোকজন স্থানীয় উত্তর বাজারের ২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। গুলিবিদ্ধ ৬ পুলিশকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, দত্তপাড়া বাজার কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পর ভোট গণনার শেষ পর্যায়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামীম ভোট কেন্দ্রে গিয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে আজিজ ও মুন্না বাহিনীর সমর্থিত লোকজন তাকে অবরুদ্ধ করার চেষ্টা করে। এদিকে ইউপি চেয়ারম্যান সমর্থিত কর্মীরা ভোট কেন্দ্রের কাছে তাকে উদ্ধারের চেষ্টা করলে এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সন্ত্রাসী বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে উভয়ের মধ্যে ১৫ জন গুলিবিদ্ধ হয়। সদর থানার ওসি শামীম বাহিনীর সন্ত্রাসীদের গুলিতে ৬ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে নিশ্চিত করেছেন।