রংপুর মেডিক্যাল কলেজে
উত্তেজনা, সংঘর্ষের আশংকা
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:১৭
ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল ও জাসদ ছাত্রলীগের উপর হামলার ঘটনায় রংপুর মেডিক্যাল কলেজে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করা হচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মেডিক্যাল কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত রবিবার রাতে জাসদ ছাত্রলীগ মেডিক্যাল কলেজে মিছিল নিয়ে গেলে ছাত্রলীগের জেলা সভাপতি ধনজিত্ ঘোষ তাপস গ্রুপের নেতাকর্মীরা পূর্ব ঘটনার জের ধরে তাদের উপর হামলা চালিয়ে ১০ জনকে আহত করে। ওই রাতে জেলা ছাত্রলীগ সভাপতি গ্রুপের মেডিক্যাল কলেজের নেতাকর্মীরা মেডিক্যাল কলেজে পাল্টা কমিটি গঠন ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা সম্পাদক ফখরুল হাসান লিউ’র বাসায় গিয়ে তাকে লাঞ্ছিত করে।
ঘটনার প্রতিবাদে জাসদ ছাত্রলীগ এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফখরুল হাসান লিউ সমর্থিত রংপুর মেডিক্যাল কলেজ ছাত্রলীগ গত সোমবার রংপুর প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের সভাপতি ধনজিত্ ঘোষ তাপস গ্রুপ ও শিবিরকে দায়ী করেছে। জাসদ ছাত্রলীগ রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক শিহুরুল আলম স্মরণ স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয়, গত রবিবার জাসদ ছাত্রলীগের কর্মী সভা শেষে মেডিক্যাল কলেজ শাখার কমিটি গঠন করে ক্যাম্পাসে মিছিল বের করা হলে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা শিবিরের কর্মীদের নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাসদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীবসহ ১০ নেতাকর্মী আহত হয়। সংবাদ সম্মেলনে ২৪ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতারের আলটিমেটাম দেয়া হয়। অন্যথায় যে কোন পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে বলে উল্লেখ করা হয়। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আজ বুধবার জাসদ ছাত্রলীগ শহরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। অপরদিকে ছাত্রলীগ জেলা সভাপতি ধনজিত্ ঘোষ তাপস সমর্থিত ছাত্রলীগ মেডিক্যাল কলেজ শাখার নেতৃবৃন্দ সকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি ধনজিত্ ঘোষ তাপস সমর্থিত রংপুর মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন প্রধানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা শাখার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাহাত আল রাজিব দল থেকে পদত্যাগ না করে জাসদ ছাত্রলীগের মেডিক্যাল কলেজ শাখার সভাপতির দায়িত্ব নিয়েছেন। এছাড়া জাসদ ছাত্রলীগের ৫নং ওয়ার্ড শাখার সভাপতি রাইসুল ইসলাম নবীনকে বাংলাদেশ ছাত্রলীগ রংপুর জেলা সম্পাদক ফখরুল হাসান লিউ তার একক সিদ্ধান্তে রংপুর মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত করেছেন। গত রবিবার বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করলে তাদেরকে আমরা প্রতিহত করি। এর আগে আমাকে শহরে আটকিয়ে বেদম মারপিট করা হয়। উদ্ভুত কারণে ছাত্রলীগ রংপুর মেডিক্যাল কলেজ শাখার নেতাকর্মীরা রবিবারের ঘটনা ঘটিয়েছে।
অপরদিকে জেলা ছাত্রলীগ সভাপতি ধনজিত্ ঘোষ তাপস দাবি করেন, মেডিক্যাল কলেজে মিরাজ ও সুমন প্রধানের কমিটি বৈধ। জেলা সম্পাদক ফখরুল হাসান লিউ আমার স্বাক্ষর জাল করে সঞ্জিব কুমার সিংকে সভাপতি ও রাইসুল ইসলাম নবীনকে সাধারণ সম্পাদক করে তথাকথিত মেডিক্যাল কলেজ শাখার ছাত্রলীগের কমিটি গঠন করে পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে।
জাসদ ছাত্রলীগ রংপুর মহানগর সভাপতি ওসমান গণি শুভ্র জানান, রাহাত আল রাজিব জেলা ছাত্রলীগের পদ থেকে পদত্যাগ করে জাসদ ছাত্রলীগে যোগ দেয়ায় তাকে মেডিক্যাল কলেজ শাখার সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া রাইসুল ইসলাম নবীন জাসদ ছাত্রলীগ থেকে পদত্যাগ করে ছাত্রলীগে যোগ দিয়ে মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন।