চট্টগ্রামে গ্রেফতার এড়াতে
বিএনপি নেতারা
আত্মগোপনে
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:১৮
চট্টগ্রামে বিএনপি ও অঙ্গ সংগঠনসমূহের নেতাকর্মীদের মধ্যে মামলা ও গ্রেফতার নিয়ে আতঙ্ক বিরাজ করছে। গ্রেফতার এড়াতে অধিকাংশ নেতাই আত্মগোপনে চলে গেছে। সভা সমাবেশেও তাদের দেখা যায় না। পুলিশের দায়ের করা মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন গ্রেফতার এড়াতে আত্মগোপনে রয়েছেন। সহ-সভাপতি আবু সুফিয়ান বর্তমানে জেলে রয়েছে।
বিএনপি সূত্র জানায়, চট্টগ্রামে বিএনপির কেন্দ ীয় নেতাদের মধ্যে একাধিক গ্রুপ রয়েছে। দলীয় কোন্দল নিয়ে গ্রুপিং থাকলেও মামলা থেকে কেউই রেহাই পাচ্ছে না। মহানগর, থানা, ওয়ার্ড পর্যায়ে নেতাদের মধ্যে অধিকাংশ নেতাদের, বিভিন্ন মামলায় সুনির্দিষ্টভাবে আসামি করা হয়েছে। মহানগর কমিটির মধ্যে সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সহ-সভাপতি শামসুল আলম ছাড়া শীর্ষ নেতাদের অধিকাংশই বিভিন্ন মামলার আসামির তালিকায় রয়েছে।
বিএনপি সূত্র জানায়, আদালতে গিয়েও মামলায় জামিন পাওয়া যাচ্ছে না। যার কারণে পুলিশের গ্রেফতার এড়াতে অনেকেই রাতে বাসা বাড়িতেও থাকছে না।
এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ইত্তেফাককে বলেন, ‘সরকার তাদের পতন ঠেকাতে নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। যাতে নেতাকর্মীদের আন্দোলন থেকে দূরে রাখা যায়। এসব করেও সরকারের শেষ রক্ষা হবে না।’
বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। মহানগরীর ছাত্রদল সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী রাসেল ইত্তেফাককে জানান, গত ৩ হরতালের সময় দায়ের করা মামলায় তাকেসহ ছাত্রদলের সকল পর্যায়ে নেতাদের আসামি করা হয়েছে।
কেন্দ ীয় কর্মসূচির অংশ হিসাবে আজ বুধবার চট্টগ্রামে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বিশাল শোডাউনের প্রস্তুতি নিয়েছে। তারা নগরীর বন্দরের নিমতলা, বিমান চত্বর, অলংকার মোড়, মুরাদপুর ও লালদীঘি জেলা পরিষদ চত্বরসহ চারটি স্পটে গণসংযোগ কর্মসূচি পালন করবে।