শৈলকুপায় দুইদল গ্রামবাসীর মধ্যে
সংঘর্ষে আহত ২০
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:১৮
পাওনা টাকা চাওয়াকে কেন্দ করে ঝিনাইদহের শৈলকুপায় দু-দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। ১০টি দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে চড়ুইবিল বাজারে এ সংঘর্ষ হয়।
শৈলকুপা থানার ওসি আব্দুল বারি জানান, চড়ুইবিল বাজারের আলী রেজার দোকান থেকে রানীনগর গ্রামের শাহীন সিগারেট নিয়ে ৮শ’ টাকা বাকি করে। রবিবার দোকানি শাহীনের কাছে বাকি টাকা চায়। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার রানীনগর ও মির্জাপুর গ্রামের প্রায় দেড় হাজার লোক ঢাল, সোড়কি, রামদা, লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে রানীনগর গ্রামের বিপুল, টিক্কা, এরশাদ, তোবারেক, মির্জাপুর গ্রামের আনন্দ দাস, এখতিয়ার মন্ডল, রবিউল, নিজাম উদ্দিনসহ দু’পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জনকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।