চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকি

চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। এখন উল্টো চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জীবনের নিরাপত্তা চাইলেন ব্যবসায়ী শেখ মো. জাবেদ উদ্দিন। তিনি বলেন, ভবন নির্মাণের কাজ বন্ধ করে ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা। তারা বেশ কিছু নির্মাণ সামগ্রীও নিয়ে গেছে। সাংবাদিক সম্মেলনে শেখ মো. জাবেদ উদ্দিন বলেন, পুরনো ঢাকার ২৩৪, ২৩৫/২৩৫ সি নবাবপুর রোডে তিনি একটি বাড়ি নির্মাণ শুরু করার পর থেকেই সন্ত্রাসীরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় গত ৪ নভেম্বর সন্ত্রাসীরা নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে শ্রমিকদের মারধোর এবং নির্মাণ সামগ্রী লুটে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওই দিনই তিনি বংশাল থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু এর পর থেকেই সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে ওঠে। চাঁদা না দিলে তারা প্রাণে মেরে ফেলার হুমকিও দিচ্ছে। এমন পরিস্থিতিতে তিনি পরিবার নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পাশাপাশি মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকিও দিচ্ছে তারা। এমন অবস্থায় ভবনের কাজ পুনরায় শুরু এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান জাবেদ উদ্দিন।