খোঁজখবর

ভিন্ন চরিত্রে লাক্সতারকা জাকিয়া বারী মমকে দর্শকরা এবার ভিন্ন একটি চরিত্রে দেখতে পাবেন। মাহমুদ দিদারের পরিচালনায় ‘ইতি সিনেমা’ নামের একখণ্ডের নাটকে মম যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। নাটকের গল্পে দেখা যাবে, পাগলাটে নারী চলচ্চিত্রকার প্রাচী রোশাই উঠতি অভিনেত্রী লীলাকে তার চলচ্চিত্র ‘ফুলবিবি’তে প্রধান চরিত্রে অভিনয় করতে বলে। চরিত্রটি একজন যৌনকর্মীর। চলচ্চিত্রকার লীলাকে বলে দেহপসারিণী নারীদের সাথে মিশে গিয়ে যেন তাদের সাজগোজ, কথার ঢং, দেহজীবিকা কৌশল, ট্রাজেডি, প্রণয়, বিয়ে সম্পর্কে ধারণা নিতে—তা হলেই কেবল সে তার ফিল্মে তাকে নেবে। লীলা একটা যৌনপল্লীতে নারীদের সাথে মিশে যায়। সে ক্রমাগত মিশতে থাকে। যখন সে ফিরে আসতে চায়, সে আর পারে না। শেষ বারের চেষ্টায় যখন সে পালাতে সক্ষম হয় ততক্ষণে সে চলচ্চিত্রকারের একটা সাজানো সেটে প্রবেশ করে। একটা মনিটরে চলা ভিডিও ফুটেজে সে যৌনপল্লীর সমস্ত অভিজ্ঞতা লাইভ ভিডিও আকারে দেখতে পায়। চলচ্চিত্রকার আচমকা উপস্থিত হয়ে বলে সে লীলার ঘটনাগুলো রিয়েল-লাইফ শুট করেছে এবং তার ‘ফুলবিবি’ সিনেমাটার জন্য এটা একটা নিরীক্ষা। এই নাটকে মম ছাড়াও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মিতালী দাস, শামীম ভিস্তি, ফারজানা ববি প্রমুখ। এবার ছবির হাটে লাক্স তারকা চৈতি ‘ছবির হাট’ নামের নতুন একটি ধারাবাহিকে অভিনয় করছেন। আপেল মাহ্মুদের রচনা এবং গাজী আপেল মাহমুদের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন সোয়েব, সাঈদ বাবু, মৌসুমী নাগ, লাক্সতারকা শানু, নাফা, তুষার মাহমুদ, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। সম্প্রতি নাটকের শুটিং শুরু হয়েছে ছবির হাটে। ছবির হাটকে কেন্দ্র করে একটি ভিন্ন ধাঁচের গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি। নাটকের গল্পে দেখা যাবে, বিয়ের পর পরই অনুপ বুঝতে পারে আসলে এই মুহূর্তে তার বিয়েটা করা ঠিক হয়নি। তাই কোনোভাবেই সে কাজলের সাথে থাকতে চায় না। সংসার ছেড়ে নিজের বাড়িতে থাকে। রাসেল তরুণ প্রকাশক। সেও প্রায় প্রতিদিনই ছবির হাটে আসে অনুপকে দেখতে। অনুপ রাসেলকেও দেখতে পারে না শুধুমাত্র আঁঁতেল কবিদের সাথে তার ওঠাবসা আছে বলে। শুসানের মধ্যে সমাজতান্ত্রিক চিন্তাভাবনা ঘুরপাক খায় প্রতিনিয়ত। তার ছবির হাটে গিয়ে সমাজতান্ত্রিক বক্তৃতা দেওয়ার বাতিক আছে। তবে ইদানীং তার একজন ভক্ত তৈরি হয়েছে, মিলি। মিলির প্রচণ্ড ভালোলাগে শুসানের এই সব কথা শুনতে। এরপর ঘটে আরও নাটকীয় ঘটনা। দলছুটের নায়িকা ভিটতারকা হাসিন এবার দলছুট মেয়ে। সাইফ চন্দনের রচনা এবং জিয়াউদ্দিন আলম ও সাইফ চন্দন পরিচালনায় ধারাবাহিক নাটক ‘দলছুট’-এ হাসিন এমন চরিত্রে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শাহেদ রিফ খান, রওনক হাসান, জয়রাজ, শতাব্দী ওয়াদুদ, মিলন ভট্র, মুক্তি, উর্মিলা, রিমু, পিয়াল, মার্শাল ও আব্বাস উল্লাহ। নাটকের গল্পে দেখা যাবে, ছোটবেলা থেকেই মাসুদ-লিটনের বন্ধুত্ব। একসময়ে শম্পাকে নিয়েই তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়। আজ তারা দলছুট। শম্পার বিয়ে হয়ে যায় অন্য কোথাও। মাসুদও বিয়ে করেছে। কিন্তু লিটন নিজেকে ছন্নছাড়া এক জীবনের পথে নিজেকে ঠেলে দিয়েছে। তারপরও বেশ ভালোই আছে তারা। নিজেদের মতো করে নিজেদের জীবন চালিয়ে নিচ্ছে। মাসুদ আছে শরীফ, নয়ন, মন্টু, একমাত্র বোন মোহনা এবং স্ত্রীকে নিয়ে। অন্যদিকে লিটনের সংসারে আছে একমাত্র ছোট বোন। মোহনা ভালোবাসে ভাড়াটিয়া রাহুলকে। কিন্তু রাহুল শারমিনকে। এরমধ্যে লিটনের এলাকার ছোটভাই মঞ্জু ঝামেলা পাকিয়ে ফেলে। মাসুদের বোনের সাথে প্রেম করছে। আর বিষয়টি জানাজানি হয়ে গেলে আবারও দুই এলাকায় ছড়িয়ে পড়ে মাসুদ-লিটনের দলছুট দ্বন্দ্ব। এভাবেই নানাভাবে দলছুটভাবে দলছুট নাটকের গল্প এগিয়ে যায়। পাশাপাশি অবশ্যই গড়ে উঠে ভালো কিছু সম্পর্ক, প্রতিনিয়ত চলে ভাঙার মধ্যে দিয়ে ভালো কিছু গড়ে উঠা। গ্রেট মিসটেক জাহিদ হাসানের নাটক মানেই ভিন্নতায় পূর্ণ। তাই তো তিনি এবার ভিন্ন ধারার সিরিজ নাটকে অভিনয় করলেন। আলী ইমরানের রচনা ও পরিচালনায় ২২টি গল্প নিয়ে ভিন্ন ধারার সিরিজ নাটক ‘গ্রেট মিসটেক’-এ দর্শকরা তাকে দেখতে পাবেন। নাটকের গল্পে দেখা যাবে, চোখ ট্যারা বাচ্চুকে (জাহিদ হাসান) চেনে না সিরাজগঞ্জ শহরের এমন কেউ নেই। সবাই তাকে চেনে তার একটা বিশেষ গুণের কারণে। ভীষণ পরোপকারী ছেলে বাচ্চু। কারও সমস্যা দেখলে কখনই থেমে থাকতে পারে না, কোনো কিছু না ভেবেই তা সমাধান করার জন্য ঝাঁপিয়ে পড়ে। তবে মজার ঘটনা হলো সমস্যার সমাধান করতে গিয়ে আরও জটিল সমস্যা পাকিয়ে বসে। এই সহজ সরল স্থূল বুদ্ধির কারণে বাচ্চু অনেকের কাছে হাসির পাত্র হলেও তাকে যথার্থ মূল্যায়নই করে এক মাত্র ভাগ্নে তাবিজ মুন্না (মীর সাব্বির)। মুন্নার সারা শরীরে তাবিজ, তাবিজ আর তাবিজ। শুধু স্নায়ুবিক দুর্বলতার কারণেই নয়, সুন্দরী মেয়েকে দেখে নিজেকে সংযত করার জন্যও তাবিজ পড়ে মুন্না। ট্যারা মামা আর তাবিজ ভাগ্নের মাঝে দারুণ মিল। তারা নিজেদের জ্ঞানী ও সাহসী মনে করে এবং সব কিছুতেই ভীষণ আশাবাদী। তারা অন্যের বিপদ দেখলেই ঝাঁপিয়ে পড়ে তবে স্থূল বুদ্ধির কারণে বিপদ থেকে উদ্ধারতো দূরের কথা আরও বিপদ পাকিয়ে বসে।