মন্তব্য

‘নিজের জন্মদিনে খুব চমত্কার একটি গল্পের ছবিতে চুক্তিবদ্ধ হলাম। পরিচালকের প্রতি আমার যথেষ্ট আস্থা রয়েছে, তিনি বেশ যত্ন নিয়েই ছবিটি নির্মাণ করবেন।’ — চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিতে অভিনয় প্রসঙ্গে বলেন। ‘গানটি আমি পুরো পৃথিবীর মানুষদের কথা ভেবেই তৈরি করেছি। আমি সব সময়ই জানতে চেয়েছি মানুষ কী ধারণার মধ্য দিয়ে জীবনযাপন করে।’ — ভারতীয় সংগীতশিল্পী এ আর রহমান দীর্ঘ ১৫ বছর পর তার একটি একক গান প্রকাশ করতে যাচ্ছেন, এ গানের মূল ভাবনা প্রসঙ্গে বলেন। ‘আমার বিয়ের বিষয়টি নির্ভর করছে আদালতের রায়ের ওপর। আদালতের রায় আমার বিরুদ্ধে গেলে জেল খাটতে হবে। সাজা শেষ করে তবেই বিয়ের কথা ভাবতে পারব। আদালতের রায়ের আগে বিয়ে করাটা তাই ঠিক হবে না।’ — বলিউড অভিনেতা সালমান খান নিজের বিয়ে প্রসঙ্গে বলেন। ‘এ অনুষ্ঠানটির অভিজ্ঞতা আমার জীবনে গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে এসেছেন তাদের বড় হয়ে ওঠার পেছনের কথা এবং কর্ম-ভাবনা প্রকাশ করেছেন তারা। এ থেকে যদি দর্শকরা সংস্কৃতিচর্চার ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা পান, তাহলেই অনুষ্ঠানটি অনেকাংশে সার্থক হবে।’ — নাট্যভিনেত্রী বিপাশা হায়াত নিজের উপস্থাপনায় শৈল্পিক ভাবনা বিনিময়ের অনুষ্ঠান ‘বিপাশার অতিথি’র শেষ পর্ব প্রচার প্রসঙ্গে বলেন।