মাগুরা
সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যপ্রতিযোগিতা অনুষ্ঠিত
আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ১৯:১০
মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরার শ্রীপুরে সাত দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, নাট্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীপুর লালন সংগীত একাডেমীর পরিচালনায় গত ১৬ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত এক সপ্তাহ ধরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পরপরই একই মঞ্চে সপ্তাহব্যাপী মঞ্চস্থ হয় প্রতিযোগিতামূলক নাট্যানুষ্ঠান। উপজেলার বিভিন্ন এলাকার ৬টি প্রতিষ্ঠিত নাট্যদল এ নাট্যানুষ্ঠানে অংশগ্রহণ করে। নাট্যদলগুলো হচ্ছে উপজেলা ছাত্রলীগ নাট্যগোষ্ঠীর ‘রাজাকারের ফাঁসি’, শুকতারা নাট্যগোষ্ঠীর ‘জীবন নিয়ে খেলা’, কচুয়া নাট্যগোষ্ঠীর ‘জীবন্ত কবর’, সারঙ্গদিয়া নাট্যগোষ্ঠীর ‘অনুসন্ধান’, খামারপাড়ার অন্তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর ‘সোনার সংসার’ ও খামারপাড়ার সারথী কল্যাণ ফাউন্ডেশনের ‘বউদির বিয়ে’।