মিডল অর্ডারকে দুষলেন ভারত অধিনায়ক
পরিকল্পনা মাফিক খেলে জেতার কথা বললেন হাফিজ
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:২০
ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মতে ওপেনারদের ঝড়ো সূচনার পর মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণেই পাকিস্তানের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারতে হয়েছে। অপরদিকে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ জানিয়েছেন তারা পরিকল্পনা অনুযায়ী খেলেছেন এবং ভারতের খণ্ডকালীন স্পিনার যুবরাজ সিং ও রবীন্দ্র জাদেজাকে আলাদাভাবে টার্গেট করে আক্রমণে গেছেন। কেননা দু’জনের কেউই বিশ্বমানের নন। ধোনির মতে প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৭৫ রান তোলার পরও ভারত যে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে সেটাই খেলাটিকে শেষ করে দেয়। তিনি অভিযোগের সুরে বলেন, ‘ব্যাটসম্যানরা জোরে মারার চেষ্টা চালাতে গিয়ে আউট হয়েছেন। আমরা দেখেশুনে খেললে অনায়াসে ২০০ রান করতে পারতাম।
রবিচন্দন অশ্বিনের নিয়মিত একাদশের বাইরে চলে যাওয়া প্রসঙ্গে ধোনি বলেন, ‘আমাদের তিন সিমার ছিল বলে আমরা জাদেজাকে একটা সুযোগ দেই। আমাদের একই সময়ে অন্য বিকল্পও ছিল। আগামীকাল শুক্রবার আহমেদাবাদে দ্বিতীয় টি-টোয়েন্টিটি অনুষ্ঠিত হবে।
দলসঙ্গীদের প্রশংসায় হাফিজ
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ ভারতের বিরুদ্ধে পাওয়া জয়ে দলগত প্রয়াসকে প্রশংসিত করেছেন। তিনি আরো জানান, ব্যাঙ্গালুরুতে পাওয়া পাঁচ উইকেটের জয়টি হলো পুরো জাতির জন্য একটি উপহার। হাফিজ বলেন, ‘এটা ছিল বিশাল এক প্রয়াস। আমরা সিরিজের শুরুতেই ভাল করতে চেয়েছিলাম। আমাদের এবং সবার জন্য ইরফান ছিল বিষ্ময় জাগানিয়া এক আবিষ্কার। আমরা জানতাম আমাদের আছে ভাল এক আক্রমণভাগ। তারা ভারতকে আমাদের কাঙ্ক্ষিত পর্যায়েই বেধে রাখে।’ হাফিজ নিজে মঙ্গলবার রাতের খেলাটিতে ৪৪ বলে ৬১ রান করে ম্যান অব দ্য ম্যাচ হন। তিনি বলেন, ‘নতুন বল হাতে স্পিনাররা এলে আমরা জানতাম আমাদের সামনে সুযোগ আছে। আমরা সঠিক সময়ে ঝুঁকি নিয়েছিলাম।’
অপরদিকে জয়সূচক রান করা শোয়েব মালিক জানান ভারতের বিরুদ্ধে খেলা বলে চাপ ছিল। তবে প্রাথমিক বিপর্যয়ের পর দল চাপ সামলাতে সক্ষম হয়। তিনি বলেন, ‘অভিষেক ম্যাচ খেলতে নামা বোলারটির সামনে আমরা দুর্দশায় পড়েছিলাম। হাফিজ দুর্দান্ত ইনিংস খেলেছে। আপনি ভারতের বিরুদ্ধে খেলছেন, চাপ সবসময়েই থাকবে। তবে আপনাকে খেলতে হবে পরিস্থিতি অনুযায়ী।’
আগের খবর: গতকাল মঙ্গলবার রাতে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দর্শকদের উত্তেজনার আগুনে পুড়িয়ে শোয়েব মালিকের হাকানো ছক্কায় ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতে পাকিস্তান। বিশ্বকাপের বাইরে এই প্রথম দল দু’টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হলো। ভারতের মাটিতে নিকট পড়শিদের প্রথম ম্যাচ এই ঘরানার ক্রিকেটে। পাকিস্তানের বোলাররা এদিন সন্ধ্যায় ভারতীয়দের দাপুটে সূচনার রাশ টেনে ধরে দলকে জেতার ভিত গড়ে দিলেও ব্যাটসম্যানদের জন্য তা সহজ ছিল না ১২ রানে তিন উইকেট খুইয়ে বসায়। ১৩৪ রানের মামুলি টার্গেটের তাড়ায় এরপর পাকিস্তান ব্যাটসম্যানরা দেখে শুনে খেললেও শেষ দিকে গিয়ে আবার খেই হারিয়ে ফেলে। ফলে ক্ষণে ক্ষণে দিক বদলানো খেলাটির অন্তিম ওভারে ১০ রানের তাগিদে জয় হতে পারতো যে কারোরই। কিন্তু ভারতীয় দর্শকদের হতাশ করেন তাদেরই ‘জামাই’ শোয়েব মালিক। নাটকীয় এই খেলায় ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার বর মালিক শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা হাকালে অবসান ঘটে সমস্ত উত্তেজনার।
সফরকারীদের জয়ে অবদান রাখেন অধিনায়ক মোহাম্মদ হাফিজ (৬১) যা তাকে এনে দেয় ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। হাফিজ ৪৪ বলে দুই ছক্কা ও ছয় বাউন্ডারির মারে এই ইনিংসটি খেলেন।
অপরদিকে শোয়েব মালিকের ৫০ বলের ইনিংসে ছিল তিনটি করে চার ও ছয়ের মার। ভারতের ফাস্ট বোলাররা পাঁচ উইকেট নিলেও খণ্ডকালীনরা কোন সাফল্য দেখাতে ব্যর্থ হন। টসে জিতে পাকিস্তান ফ্লাড লাইটের আলোয় ভারতকে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রানের বেশি তুলতে দেয়নি।
যদিও মহেন্দ্র সিং ধোনির দল ১১তম ওভারে ৭৭ রানে প্রথম উইকেট খোয়ালেও এরপর ধোনির সতীর্থরা নিয়মিত বিরতিতে সাজঘরে ফেরেন। ফাস্ট বোলার উমর গুল তিনটি ও বাঁহাতি স্পিনার সাইদ আজমল দুই উইকেট নিলেও গৌতম গম্ভীর (৪৩) ও অজিংকা রাহানের (৪২) বিপজ্জনক হয়ে ওঠা প্রথম জুটিটি ভেঙ্গে দেন বর্ষিয়ান অলরাউন্ডার শহিদ আফ্রিদি। এদের পর আর কোন স্বাগতিক ব্যাটসম্যান হাল ধরতে পারেননি।