আজ শুরু বাংলাদেশ ক্রিকেট লিগ

প্রথমবারের মত ফ্রাঞ্চাইজি জাতীয় ক্রিকেট লিগ বা বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরু হচ্ছে আজ। এখনও পর্যন্ত এই টুর্নামেন্ট প্রথম শ্রেণীর ক্রিকেটের মর্যাদা না পেলেও দুই-একদিনের মধ্যে সে মর্যাদা পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চেয়ারম্যান মাহবুব আনাম। তবে আন্তর্জাতিক মর্যাদা না পেলেও এই টুর্নামেন্টটি দেশের সেরা টুর্নামেন্ট হবে বলেও টুর্নামেন্ট কমিটি মনে করছে। গতকাল বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরুর সংবাদ সম্মেলনে কমিটির কর্মকর্তারা অন্তত তেমন আশাই করলেন। কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘আমরা কাল (আজ) আইসিসির কাছে চিঠি পাঠাবো। এতদিন সূচী চূড়ান্ত হয়নি বলে আইসিসির কাছে টুর্নামেন্ট সম্বন্ধে কিছু জানানো হয়নি। তবে এটিকে প্রথম শ্রেণীর টুর্নামেন্ট বললেও ভুল হবে না’। গত ২৪ ডিসেম্বর থেকে বিসিএল শুরু হওয়ার কথা থাকলেও ফ্রাঞ্চাইজিদের প্রস্তুতি শেষ না হওয়ায় সেটি পিছিয়ে দেয়া হয়েছিল। অবশেষে ২৭ ডিসেম্বর অর্থাত্ আজ থেকে মাঠে গড়াচ্ছে বিসিএল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হবে এ টুর্নামেন্ট। টুর্নামেন্টের আরেকটি ভেন্যু হিসেবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের নাম থাকলেও আন্তর্জাতিক বিমানবন্দরের জটিলতা থাকায় সেটি আপাতত বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিসিএল কমিটির সদস্য সচিব নাঈমুর রহমান দুর্জয়। তিনি বলেন, ‘গত কয়েকদিনে ফ্লাইট সিডিউল বিপর্যস্ত হয়েছে। যেহেতু আমাদের কোন রিজার্ভ ডে নেই, তাই আপাতত খুলনার ভেন্যু বাতিল করা হয়েছে। তবে বিসিএলের ফাইনাল যেহেতু বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এবং পাকিস্তান সফরের পর হওয়ার কথা। তাই ফাইনাল ম্যাচটি খুলনায় হতে পারে’। বিসিএলের মিডিয়া পার্টনার চ্যানেল নাইন। তবে তারা শুধু রাতে খেলাধুলার অনুষ্ঠানে প্রতিদিনের ম্যাচের পর্যালোচনা করবে। এছাড়া পাঁচদিনের ফাইনাল ম্যাচটি তারা সরাসরি সমপ্রচার করবে বলেও জানিয়েছেন দুর্জয়। টুর্নামেন্টটা ফ্রাঞ্চাইজিভিত্তিক হলেও বিপিএলের মত জমকালো কোনো উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। তবে টুর্নামেন্ট কমিটি আশাবাদি পরের বছর থেকে এই টুর্নামেন্টকে আরো আকর্ষণীয় করে তুলতে পারবে। বিসিএল ও জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) মধ্যে পার্থক্য হচ্ছে এনসিএল-এর সেরা পারফর্মাররা খেলবেন বিসিএলে। এবারের এনসিএল থেকে সেরা ৮০জন খেলোয়াড় বাছাই করে প্রতিটি অঞ্চলকে ২০জন খেলোয়াড় ভাগ করে দেয়া হয়েছে। সেখান থেকে বাছাই করে প্রতিটি অঞ্চল বিশজনের দল করেছে। টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব দুর্জয় বলেন, ‘বিসিএল অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে। তার মূল কারণ এনসিএলের সেরা পারফর্মাররা এই টুর্নামেন্ট খেলতে পারবে। তাই খেলোয়াড়দের মধ্যেও অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা বাড়বে’। বিসিএলে বিদেশী ক্রিকেটাররাও খেলতে পারবেন। প্রতিটি ম্যাচে দলগুলো দুইজন বিদেশিকে খেলাতে পারবেন বলে জানিয়েছেন দুর্জয়। তবে কোন দল এখনো কোন বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করেছে কিনা বলতে পারেনি টুর্নামেন্ট কমিটি। বিসিএলে এনসিএলের মত পয়েন্ট সিস্টেম রয়েছে। সরাসরি জিতলে ৬ পয়েন্ট। প্রথম ইনিংসে এগিয়ে থাকলে ৩ পয়েন্ট। প্রথম ইনিংসে রানে পিছিয়ে থাকলে ১ পয়েন্ট, ড্র করলে ৩ পয়েন্ট করে পাবে প্রতিটি দল। এছাড়া ১০ উইকেটে জিতলে বোনাস ১ পয়েন্ট এবং ইনিংস ব্যবধানে জিতলে বোনাস ১ পয়েন্ট পাবে দলগুলো। বিসিএলে খেলোয়াড়দের ম্যাচ ফিও বেড়েছে। ১২ জনের স্কোয়াডে থাকা প্রতিটি খেলোয়াড় ম্যাচ ফি পাবেন ৪০ হাজার টাকা করে। আর বারোজনের স্কোয়াডের বাইরে বাকি পাঁচ খেলোয়াড় পাবেন ২০ হাজার টাকা করে। পাঁচদিনের ফাইনালে বারোজনের স্কোয়াডে থাকা খেলোয়াড়রা পাবেন ৫০ হাজার টাকা এবং স্কোয়াডের বাইরে থাকা বাকি পাঁচজন পাবেন ২৫ হাজার টাকা করে। এছাড়া বিসিএলের চ্যাম্পিয়ন দল পাবে ৩৫ লাখ টাকা, রানার্সআপ দল পাবে ১৫ লাখ টাকা। ম্যান অব লিগ পাবেন এক লাখ টাকা, প্রতিটি ম্যাচ জয়ী দলগুলো পাবে এক লাখ টাকা এবং ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাবেন ২৫ হাজার টাকা। প্রাইম ব্যাংক দক্ষিণ অঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল আজ মিরপুরে মুখোমুখি হবে। একই সময়ে বগুড়ায় মুখোমুখি হবে ইসলামী ব্যাংক পূর্ব অঞ্চল ও বিসিবি উত্তর অঞ্চল। চারটি অঞ্চলের মধ্যে তিনটি অঞ্চলের ফ্রাঞ্চাইজি পাওয়া গেলেও রংপুর ও রাজশাহী বিভাগের সমন্বয়ে গঠিত উত্তর অঞ্চলের এখনো ফ্রাঞ্চাইজি পাওয়া যায়নি। তাই বিসিবিই এই অঞ্চলের দায়িত্ব নিয়েছে। তবে টুর্নামেন্ট কমিটি যেহেতু বিসিবির, সেখানে তারাই একটি অঞ্চলকে চালাবে এটা মানানসই হবে কিনা এমন প্রশ্নে বিসিএল কমিটির চেয়ারম্যান মাহবুব বলেন, ‘আমাদের সাথে ইতোমধ্যে দুই একটি ফ্রাঞ্চাইজি কথা বলেছে। তারা আগ্রহী, আশা করছি টুর্নামেন্টের মাঝপথে উত্তর অঞ্চলের ফ্রাঞ্চাইজি পাওয়া যাবে’। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও বিসিবি‘র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন।