‘ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা অ্যাশেজের চেয়ে বড়’
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪১
হাঁটুর ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা অলরাউন্ডার ইরফান পাঠানের দুঃখ, পাকিস্তানের বিরুদ্ধে চলমান সীমিত ওভারের ক্রিকেট সিরিজে তিনি যোগ দিতে পারছেন না।
ইরফান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লী ডেয়ার ডেভিলসের সঙ্গে ইউনিসেফ এর চুক্তিবদ্ধ হওয়ার অনুষ্ঠানে বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ এবং ভারতীয় দলের ভাল সাফল্য দেখার জন্য আমি উদ্গ্রীব। হাঁটুর ইনজুরির কারণে আমি ভারতীয় দলে নেই—এটা আমার দুর্ভাগ্য। ভারত-পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অ্যাশেজের চেয়ে বড়। আমার আশা এবং প্রার্থনা ভারত যেন সিরিজ জয় করে।’
সিরিজ জুড়ে লড়াইটা ভারতীয় ব্যাটসম্যান এবং পাকিস্তানি বোলারদের মধ্যে কিনা এমন প্রশ্নের জবাবে হ্যাঁ- সূচক জবাব দেন বাঁহাতি এ পেসার।
এ ব্যাপারে ইরফান বলেন, ‘বর্তমানে আমরা অনেক ক্রিকেট ম্যাচ খেলছি সুতরাং আমরা সুবিধাজনক অবস্থায় আছি। পাকিস্তান খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি তাই আমাদের সে সুবিধা আছে। আরেকটি সুবিধা হলো আমরা খেলছি নিজ মাঠে। ভারতীয় দলের জয়ের জন্য আমি প্রার্থনা করি। সবসময়ই এটা একটা আনন্দদায়ক যুদ্ধ।’নিজের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে পাঠান বলেন, ‘আমার আশা তিন/চার সপ্তাহের মধ্যেই ফিরতে পারব। এক মাসের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠব বলে আশা করছি আমি। আমি ন্যাশনাল ক্রিকেট একাডেমীতে যাব। আমার ফিটনেস প্রমাণ করব এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফিরব।’ ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়া বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী শচীন টেন্ডুলকারের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, ‘শচীন একজন গ্রেট খেলোয়াড়। তার বিদায়কে নেতিবাচকভাবে না নিয়ে আমাদের উচিত হবে মাঠে তার অর্জনগুলোর উত্সব করা। অবশ্যই আমরা তার অভাব বোধ করব এবং ড্রেসিং রুমে তার অনুপস্থিতিটা বেশ অনুভূত হবে। আমিসহ আরো অনেকের কাছেই পরিচিত ‘পাজা’ (টেন্ডুলকার) ক্রিকেটে কিংবদন্তীতে পরিণত হয়েছেন। আমরা ভাগ্যবান যে, তার মত একজন লিজেন্ড ক্রিকেটারকে ভারতে পেয়েছি এবং তিনি ভবিষ্যত্ প্রজন্মকে পরিচালনা করেছেন।’-বাসস