ঢাকা-আরিচা মহাসড়কে বিলবোর্ড সরানোর দাবি
সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৪
ঢাকা-আরিচা মহাসড়কের দুই ধার জুড়ে এখন শোভা পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের শুভেচ্ছা ও ছবিসম্বলিত বড় বড় ডিজিটাল বিলবোর্ড। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি মানিকগঞ্জের জাগীর ব্রিজ মেরামত কাজ পরিদর্শন করে বলেন- মহাসড়কের দুই পার্শ্বের বিলবোর্ডগুলো সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি মহাসড়কের দু’ধারের বিলবোর্ডগুলো সরিয়ে নেয়ার আহ্বান জানান। বিলবোর্ড সরিয়ে নেয়ার আহবান করলেও তা গত ২০ দিনেও বাস্তবায়ন হয়নি। বারবাড়িয়া থেকে মানিকগঞ্জ পর্যন্ত মহাসড়কের দুই পার্শ্বে লাগানো রয়েছে সাটুরিয়া-মানিকগঞ্জ-৩ এমপি আলহাজ্ব জাহিদ মালেক স্বপন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাটুরিয়া-মানিকগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান বিএনপির নেতা আতাউর রহমান আতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ব্যানার ও বিলবোর্ড।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ব্যানার ও বিলবোর্ডগুলো সরিয়ে নেয়ার নির্দেশ দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। এলাকাবাসী দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাস্তার দু’পাশের ব্যানার ও বিলবোর্ডগুলো সরিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ।