লোহাগাড়ায় শীতবস্ত্রের অভাবে এতিম শিশুদের মানবেতর জীবন
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজানস্থ পাহাড়ি এলাকায় অবস্থিত কাদেরিয়া রেজভিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ২০ জন এতিম শিশু শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছে। মাদ্রাসা প্রতিষ্ঠাতা হাফেজ মৌলানা মোবারক আলী রিজভী জানান, প্রতিষ্ঠানটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এ প্রতিষ্ঠানে এলাকার গরীব এতিম ৮৪ জন ছাত্র-ছাত্রী দ্বীনি এলম শিক্ষা লাভ করে। ছাত্রীরা দিনে সবক নিয়ে থাকে। বাকি ২০ জন এতিম ছাত্র হেফজ করে। তারা মাদ্রাসা ভবনে রাতে অবস্থান করে। বর্তমানে বেজায় শীত পড়ছে। গরম কাপড়-চোপড় না থাকায় এতিম শিশুরা নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে। তারা দানশীল ব্যক্তিবর্গের কাছে ২০টি কম্বল ও একটি সৌরবিদ্যুত্ প্যানেল স্থাপনের জন্য সহায়তা কামনা করেছে।