মাদারীপুরে অগ্নিঝুঁকি বাড়ছে

জেলা সদর মাদারীপুরে অগ্নিঝুঁকি দিনদিন বেড়েই চলছে। জেলা সদরসহ শহর সংলগ্ন এলাকায় অবাধে পুকুর-ডোবা ও জলাশয় ভরাটের কারণে এঝুঁকি পূর্বাপেক্ষা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পর্যাপ্ত পানির উেসর অভাবে যে কোন সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্থানীয় ও ব্যবসায়ী সূত্রে জানা যায়, জেলা সদরের প্রায় এক তৃতীয়াংশ পুকুর-ডোবা ও জলাশয় ইতোমধ্যে বালি দিয়ে ভরাট করেছে সংশ্লিষ্ট মালিকরা। এর মধ্যে বড় জলাশয় বা পুকুরও রয়েছে। জেলা সদরের ঐতিহ্যবাহী খালগুলো বৈধ-অবৈধ ভাবে দখল বা ভরাট হয়ে গেছে। যে কারণে পানির উত্স (সোর্স) আশংকাজনকভাবে কমে গেছে। শহরের পুরানবাজারে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান অবস্থিত। সেখানে পানির উত্স নেই বললেই চলে। এছাড়া সড়কগুলো সরু হওয়ায় আগ্নিঝুঁকি অত্যন্ত বেশি। জেলা সদরে বিশেষ করে পৌর এলাকার পুকুর-ডোবা ও জলাশয়গুলো অবাধে ভরাট বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসি।