বছরে লোকসান ৯ কোটি টাকা
বাঘাবাড়ি থেকে অতিরিক্ত জ্বালানি
তেল সরবরাহের অভিযোগ
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫২
বিএসটিআই, রাজশাহী-এর দায়িত্বে অবহেলা ও ঔদাসীন্যের কারণে ত্রুটিপূর্ণ মেজার দ্বারা কেলিব্রেশন করায় বাঘাবাড়ির তিনটি ডিপো থেকে বছরে প্রায় ১৫ লক্ষ লিটার জ্বালানি তেল অতিরিক্ত সরবরাহ করতে হচ্ছে। ফলে তিনটি ডিপোকে বছরে লোকসান দিতে হচ্ছে প্রায় ৯ কোটি টাকা । অথচ, বিষয়টি সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের কেউই মাথায় নিচ্ছেন না। বাঘাবাড়ি ডিপো সূত্রে জানা যায়, বাঘাবাড়ি ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো হতে প্রতিদিন প্রায় ২৫০টি ট্যাঙ্কলরিতে জ্বালানি তেল উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। কিন্তু বিএসটিআই, রাজশাহী কর্তৃক ব্যবহূত ৫০০ লিটারের পরিমাপকটি ত্রুটিপূর্ণ হওয়ায় প্রায় দেড় বছর যাবত্ ওই পরিমাপক (মেজার) যন্ত্র দিয়ে ট্যাঙ্কলরিগুলোর কেলিব্রেশন করা হচ্ছে। ফলে প্রতিদিন তিনটি ডিপো হতে প্রায় ৫০০০ লিটার অতিরিক্ত জ্বালানি তেল সরবরাহ করতে হচ্ছে। এই হিসেবে মাসে প্রায় ২৫ দিনে ১.২৫ লক্ষ লিটার এবং বছরে প্রায় ১৫ লক্ষ লিটার অতিরিক্ত জ্বালানি তেল সরবরাহ করতে হচ্ছে। প্রতি লিটার তেলের মূল্য ৬০ টাকা হিসেবে ১৫লক্ষ লিটার তেলের দাম হয় প্রায় ৯ কোটি টাকা।
সরেজমিন অনুসন্ধানে একই ঘটনার প্রমাণ মেলে পার্বতীপুর অয়েল ডিপোতে। সেখানেও বিএসটিআই কর্তৃক ত্রুটিপূর্ণ মেজার বা পরিমাপক ব্যবহার করায় একই ভাবে বছরে তারাও প্রায় ৯ কোটি টাকা লোকসান গুণছেন।
পার্বতীপুর ও বাঘাবাড়ি ডিপো কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কোম্পানির চট্টগ্রামস্থ ব্যবস্থাপনা পরিচালক বরাবর পত্র প্রেরণ করেছেন। খুব দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ত্রুটিমুক্ত পরিমাপক যন্ত্র সরবরাহ করার জন্য তারা দাবি জানিয়েছেন।