তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ লাখ টাকার বিদ্যুত্ বিল বকেয়া
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৩
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ২ লাখ ৯০ হাজার টাকার বিদ্যুত্ বিলের হদিস নেই। এদিকে বিল পরিশোধে স্বাস্থ্য কমপ্লেক্স ও পল্লী বিদ্যুত্ সমিতির মধ্যে রশি টানাটানির ফলে ১৫ দিন যাবত্ পা্নি সরবরাহ বন্ধ থাকায় ভর্তিকৃত রোগী এবং আবাসিক কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ চরমে উঠেছে। সেইসাথে শিশুদের রোগ প্রতিরোধক টিকা কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আশংকা দেখা দিয়েছে।
জানা গেছে, তাড়াশ স্বাস্থ্য কমপ্লে¬ক্সে বিদ্যুত্ বিল বাবদ ২ লাখ ৯০ হাজার টাকা বকেয়া রয়েছে বলে সিরাজগঞ্জ পল্ল¬ী বিদ্যুত্ সমিতি দাবি করে। অন্যদিকে কমপ্লেক্সের প্রধান সহকারী-কাম-হিসাবরক্ষক সাখায়াত্ হোসেন জানান, তাদের হিসাবে মোট ৯৯ হাজার টাকা বিদ্যুত্ বিল বকেয়া আছে। এদিকে গত ৬ ডিসেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুত্ ব্যবস্থা হঠাত্ করে বিকল হয়ে পড়ে। এ সময় শিশুদের মূল্যবান টিকা রক্ষায় পল্ল¬ী বিদ্যুত্ সমিতি মানবিক দিক বিবেচনা করে হাসপাতালের বৈদ্যুতিক কার্যক্রম আংশিক চালু রাখলেও বকেয়া বিলের অজুহাতে ১৫ কেভি বিকল ট্রান্সফর্মার মেরামত না করে এক অংশে বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখে। ফলে পুরো কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতির আঞ্চলিক ডেপুটি ম্যানেজার প্রকৌশলী জুলফিকার রহমান জানান, গত চার বছরে তাড়াশ স্বাস্থ্য কমপ্লে¬ক্সে বিদ্যুত্ বিল বকেয়া আছে প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা। যা আদায়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার পত্র দিলেও তারা বিষয়টি সুরাহা করছেন না। ফলে বাধ্যবাধকতা থাকায় ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে।