রূপগঞ্জ বিএনপির দুই পক্ষে সংঘর্ষে আহত ১৫

যুবদলের কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়ক সহ-সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু সমর্থিত এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান সমর্থিত নেতা-কর্মীদের মধ্যে গতকাল বুধবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গতকাল বুধবার খালেদা জিয়ার গণসংযোগের যাত্রাবাড়ী পথসভায় মিছিল নিয়ে যোগদানের সময় দীপু ভুঁইয়া ও কাজী মনির সমর্থিত নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের যুবদল নেতা আবদুল কাদির, মিল্লাত হোসেন, সজল, আমির হোসেন, আক্কেল আলী, মোহসীন মিয়া, কবির হোসেন, ছানাউল্লাহ, মিলনসহ ১৫ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। যুবদল সভাপতি গোলাম ফারুক খোকন জানান, গতকাল সকাল থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, ওলামাদল, তাঁতীদল, স্বেচ্ছাসেবক দল ও জিয়া শিশু-কিশোর সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড দলে যাত্রাবাড়ী এলাকায় অবস্থান নেন। পরে যুবদলের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপুর ছবি-সংবলিত ব্যানার, ফ্যাস্টুন নিয়ে দলীয় নেতা-কর্মীরা পথসভায় যোগ দেয়ার সময় কাজী মনির সমর্থিতদের সঙ্গে সংঘর্ষ বাধে।