খিলক্ষেতে ট্রেনে কাটা পড়া ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৭
সিটি ব্যাংক রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ শাখার জনসংযোগ কর্মকর্তা শিরিন আলী শারমিনের ( ২৭) দ্বিখন্ডিত লাশ গতকাল বুধবার সকালে উদ্ধার করে রেল পুলিশ। ঘটনাস্থল খিলক্ষেত । কী ঘটেছিল, নিহতের পরিবার ও পুলিশ নিশ্চিত করতে পারেনি। শারমিন চার বছর বয়সী এক কন্যা সন্তানের জননী । চার মাস আগে স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয় ।
নিহত শারমিনের ছোট ভাই শাহেদ ঢাকা মেডিক্যাল মর্গে সাংবাদিকদের জানান, তার বোনের মোবাইল ফোন থেকে গতকাল ভোরে এক ব্যক্তি ফোন করে জানায়, এক নারীর দ্বিখন্ডিত লাশ রেল লাইনের পাশে পড়ে আছে । এ মোবাইল ফোনটি লাশের পাশেই পড়ে ছিল। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি তার বোনের লাশ সনাক্ত করেন। মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছুই জানাতে পারেননি।
তিনি জানান, শারমিন তার মেয়েকে নিয়ে পুরনো ঢাকার ২০/সি টিপু সুলতান রোডে থাকতেন। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হন। বিকালে বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হয়েছিল। কিন্তু কেউ কিছু জানাতে পারেনি। ধারণা করা হয়েছিল, তার কোন সহকর্মীর বাসায় গিয়ে থাকতে পারেন। তবে তিনি তার বোনের মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন। তিনি আরও জানান, চার মাস আগে তার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়।