হাতিরদিয়া দিবস
২৯শে ডিসেম্বর
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৭
২৯ ডিসেম্বর “হাতিরদিয়া দিবস”। ১৯৬৮ সনের এ দিনে হাতিরদিয়া হাট হরতাল পালনকালে পুলিশের গুলিতে শহীদ হন সিদ্দিক মাষ্টার, হাছান আলী, মিয়াচান, চেরাগ আলী এবং আহত হন ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক, ২০ জানুয়ারীতে প্রথম শহীদ আসাদুজ্জামান আসাদসহ আরো অনেকে।
মাথায় আঘাতপ্রাপ্ত ছাত্রনেতা আসাদুজ্জামান সাইকেল চড়ে ঢাকায় এসে পত্রিকার অফিসগুলোতে হাতিরদিয়ার ঘটনার সংবাদ দেন। পরদিন পত্রিকাসমূহে উক্ত ঘটনার সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও ঘেরাও আন্দোলন ছড়িয়ে পড়ে। এমনকি হাতিরদিয়া বাজারের হরতাল ও ঘটনাস্থলের চার শহীদের সংবাদ ‘আকাশবাণী’ বেতারসহ অন্যান্য আন্তর্জাতিক বেতার কেন্দ্র থেকেও সম্প্রচারিত হলে তত্কালীন স্বৈরাচার আইয়ুব বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। হাতিরদিয়ার ঘটনা আন্দোলনের যে বহ্নিশিক্ষা ছড়িয়ে দিয়েছিল তারই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ। চার শহীদের স্মরণে ঘটনাস্থলে একটি শহীদ মিনার নির্মিত হলেও ঘটনার এতবছর পরও চরম অযত্ন অবহেলায় ঠায় দাঁড়িয়ে আছে শহীদ মিনারটি। সেই থেকে প্রতি বছর ২৯ ডিসেম্বর জনগণ পালন করে আসছে ‘হাতিরদিয়া দিবস’ হিসেবে।