দুর্গাপুর পৌরসভা

টাকা নেই তবুও নতুন নিয়োগের বিজ্ঞাপন

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার রাজস্ব তহবিল প্রায় শূন্যের কোটায়। ফলে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) উন্নয়ন তহবিল থেকে। এরপরও পৌরসভা কর্তৃপক্ষ নতুন ৮টি পদে কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ নিয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পৌরসভা সূত্রমতে, পৌরসভার রাজস্ব ফান্ডে অর্থ না থাকায় কর্মকর্তা-কর্মচারীদের তিন মাসের বেতন বকেয়া পড়ে। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে নিয়ম-নীতি উপেক্ষা করে কর্তৃপক্ষ জনতা ব্যাংকের দুর্গাপুর শাখা থেকে এডিবি’র উন্নয়ন তহবিলের ৭২২ নম্বর হিসাব থেকে গত ২৭ নভেম্বর ৪টি চেকের মাধ্যমে ৫ লাখ ৩১ হাজার ৮৯৬ টাকা এবং ২ ডিসেম্বর অপর ৪টি চেকের মাধ্যমে ২ লাখ ৬৮ হাজার ৪৮৫ টাকা মোট ৮ লাখ৩৮১ টাকা উত্তোলন করে কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রদান করেন। এদিকে পৌরসভার রাজস্ব খাতে অর্থ সংকট সত্ত্বেও কর্তৃপক্ষ নতুন ৮টি পদে কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সূত্র জানায়, পৌর আইনের নিয়োগ বিধিতে উল্লেখ আছে, পৌরসভার সাংগঠনিক কাঠামোভুক্ত পদ পূরণের ছাড়পত্রের সঙ্গে তিন বছরের নিজস্ব আয়-ব্যয়ের স্থিতি দেখাতে হবে। এছাড়া কর্মচারীরা নিয়মিত বেতন-ভাতা পান কি না সেটাও দেখাতে হবে। এ হিসেবে পৌর র্কমচারীরা অনিয়মিত বেতনে অসচ্ছল জীবনযাপন করলেও নিয়ম-নীতি উপেক্ষা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমোদন নিয়ে ৮টি পদের বিপরীতে ১০ কর্মচারীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি আবেদনের শেষ দিন ধার্য করা হয়েছে। এ ব্যাপারে দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ও সহকারী প্রকৌশলী আবুল কাশেম খানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, নিয়ম-নীতি ও মন্ত্রণালয়ের অনুমোদনসাপেক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।