সুরই চলার পথের সঙ্গী অন্ধ রজনীর
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২১:৫৯
গান গেয়ে সংসার চলে রজনীর। বয়সের ভারে ন্যুব্জ হলেও সংসারের হাল ধরতে ৭০ বছর বয়সেও থেমে নেই রজনী। রজনী দেবনাথ প্রতিদিন রাস্তার মোড়ে মোড়ে গানের আসর বসিয়ে যে টাকা উপার্জন করে তা দিয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছেন। জন্মস্থান পঞ্চগড় জেলার আটোয়ারী হলেও বর্তমানে ঠাকুরগাঁও সদর উপজেলার কালিতলার একটি কুড়ে ঘরে আবাসস্থাল তার।
স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার ধরনা দিয়েও মেলেনি কোন সহযোগিতা। স্বামী-স্ত্রী দু’জনের কেউ পায়নি সরকারের কোন ধরনের সুযোগ-সুবিধা। তাই অনেকটা উপায়হীন হয়ে এই বৃদ্ধ বয়সেই জীবন যুদ্ধে নামতে হয়েছে রজনী দেবনাথকে। একমাত্র পুত্র সন্তান মানু দেবনাথ বিয়ে করে আলাদা সংসার করছে দীর্ঘ ৬ বছর থেকে। বিবাহ যোগ্য ২ কন্যাকে পাত্রস্থ করাই রজনীর বৃদ্ধ বয়সে এই যুদ্ধ। যেন নিজের সাথে নিজেরই যুদ্ধ। কারো কাছে হার মানতে নারাজ রজনী। ভিক্ষা বৃত্তিকে ঘৃণা করেন। যতদিন গলায় সুর আছে ততদিন মানুষকে বিনোদন দিয়ে সত্ভাবে উপার্জন করতে চান তিনি। কিন্তু বর্তমানে তিনি নানা রোগে আক্রান্ত। চোখের সমস্যা। শরীর যেন চলতেই চায় না। তারপরও প্রতিদিন সকালেই তাকে ঘর থেকে বের হতে হয়। ইচ্ছা না থাকলেও মানুষের মনোরঞ্জনের জন্য গলায় ধরতে হয় সুর। হয়ত একদিন রজনীর এই সুর থেমে যাবে। কিন্তু তারপরও জীবন যুদ্ধে হার মানতে রাজী নন সুরের এ যোদ্ধা।