দিনাজপুরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্যোগ

দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, ভোকেশনাল, এবতেদায়ী ও দাখিল মাদ্রাসার চাহিদা অনুযায়ী ৫১ লাখ ৮৮ হাজার ৮৫৭ পিস বই বিনামূল্যে বিতরণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী জানান, বর্তমান সরকার আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে জাতীয় শিক্ষানীতি অনুমোদন করেছে। শিক্ষানীতির আলোকে নতুন বছরের শুরুতে কোমলমতী শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করেছে। দিনাজপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এনায়েত হোসেন জানান, তার অধীনস্থ জেলায় ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির জন্য ২৫ লাখ ৩ হাজার ৩৮৭ পিস, ভোকেশনাল ৫৫ হাজার ২১৫ পিস, এবতেদায়ী মাদ্রাসায় ৩ লাখ ২১ হাজার ১১২ পিস এবং দাখিল মাদ্রাসায় ৪ লাখ ৫ হাজার ৪৬১ পিস বই চাহিদা অনুযায়ী পাওয়া গেছে। প্রাপ্ত বই বিতরণের জন্য বিদ্যালয়গুলোতে প্রেরণ করা হয়েছে। ১লা জানুয়ারী আনুষ্ঠানিকভাবে বইগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে।