দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিটিসিএল’র লাইন
রেন্ট ও কলচার্জ বৃদ্ধিতে ক্ষুব্ধ গ্রাহক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২২:০৩
কোন ধরনের ঘোষণা ছাড়া বাংলাদেশ টেলি-কমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষ টেলিফোন লাইন রেন্ট ও কলচার্জ বৃদ্ধি করেছে। হঠাত্ করে ল্যান্ডফোনের লাইন রেন্ট দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করা হয়েছে। ফলে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। গ্রাহক সেবার মান না বাড়িয়ে কর্তৃপক্ষ একতরফা সিদ্ধান্ত নিয়ে চার্জ বৃদ্ধিতে প্রতিষ্ঠানটির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শুধুমাত্র চলতি বছরে বিটিসিএলের গ্রাহক কমেছে সাড়ে ১৬ হাজার। এ অবস্থায় লাইন ও কলচার্জ বাড়ানোয় গ্রাহক সংখ্যা আরও কমে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। যদিও প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, কর্তৃপক্ষ ৬ মাসের জন্য ‘পরীক্ষামূলক’ হিসাবে এ সিদ্ধান্তটি নিয়েছে। ওই সভায় খুলনা, ঢাকা ও চট্টগ্রাম মাল্টি এক্সচেঞ্জ এরিয়ায় লাইন রেন্ট ৭০ টাকা থেকে একলাফে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করে ১৬০ টাকা করা হয়। মাল্টি এক্সচেঞ্জ এরিয়ার গ্রাহকদের আগে যেখানে ১৫ শতাংশ ভ্যাটসহ ৮১ টাকা মাসিক লাইন রেন্ট প্রদান করতে হতো, এখন সেখানে গুণতে হবে ১৮৪ টাকা। সে হিসাবে গ্রাহককে প্রতিমাসে ১০৩ টাকা করে বাড়তি অর্থ প্রদান করতে হবে। একই সাথে অন্যান্য জেলায় ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ১৮৩ টাকা এবং উপজেলা পর্যায়েও ৫৮ টাকা থেকে ৯২ টাকা পর্যন্ত লাইন চার্জ বাড়ানোর হয়েছে। আগে বিটিসিএল থেকে বিটিসিএল প্রতি মিনিট কলচার্জ ছিল ৩০ পয়সা করে। কিন্তু বর্তমানে দু’টি ভাগ করা হয়েছে। এরমধ্যে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত স্পটে কলচার্জ ৩০ পয়সা রেখে সকাল ৭টা ৫৯ মিনিট থেকে রাত ৮টা ১ মিনিট পর্যন্ত ১০ পয়সায় নির্ধারণ করা হয়েছে। কিন্তু বিটিসিএল থেকে মোবাইলসহ অন্যান্য অপারেটরে ৬৫ পয়সা থেকে ১৫ পয়সা বৃদ্ধি করে ৮০ পয়সা করা হয়েছে।
এ ব্যাপারে খুলনা টেলিযোগাযোগ অঞ্চলের আঞ্চলিক অফিসের প্রধান কর্মাধ্যক্ষ মৃণাল কান্তি দাস প্রচার-প্রচারণা ছাড়া লাইন রেন্ট ও কলচার্জ বৃদ্ধির সত্যতা স্বীকার করে বলেন, এটি বোর্ড সভার সিদ্ধান্ত। এ বিষয়ে বোর্ড সদস্যরা ভালো বলতে পারবেন। নভেম্বর থেকে বাড়তি চার্জ কার্যকর করা হয়েছে।