চীনে দ্রুতগতির দীর্ঘতম ট্রেন সার্ভিস চালু
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২২:১৪
চীনে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেন চলাচল শুরু হয়েছে। বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ট্রেনের জন্য নির্মিত দীর্ঘতম রেলপথে প্রতি ঘণ্টায় গড়ে ৩০০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করবে। এটি রাজধানী বেইজিং থেকে দক্ষিণাঞ্চলের বাণিজ্য নগরী গুয়াংঝো পর্যন্ত ২ হাজার ২৯৮ কিলোমিটার দীর্ঘ রেলপথ পাড়ি দিবে। এই দূরত্ব যেতে আগে ২২ ঘণ্টা সময় লাগত। বিশ্বের দ্রুতগামী ট্রেনে এই পথ যেতে এখন মাত্র ১০ ঘণ্টা সময় লাগবে। দেশটির দ্রুত বর্ধমান রেল নেটওয়ার্কের ক্ষেত্রে এটি একটি নতুন মাইলফলক। খবর এএফপি ও রয়টার্সের।
চীনের অবিসংবাদিত বিপ্লবী নেতা মাও সেতুংয়ের জন্মদিন উপলক্ষে ট্রেনটির উদ্বোধন করা হয় বলে দেশটির কর্মকর্তারা জানান। ১৮৯৩ সালের ২৬ ডিসেম্বর মহান এ নেতা জন্মগ্রহণ করেন।
চীনের কেন্দ্রীয় টেলিভিশন সম্প্রচার কেন্দ্র বেইজিংয়ের ওয়েস্ট রেলওয়ে স্টেশন থেকে দ্রুতগতির প্রথম ট্রেন ছেড়ে যাওয়ার দৃশ্য সরাসরি দেখানো হয়। দ্রুতগতির এসব ট্রেন প্রতি ঘণ্টায় গড়ে ৩শ কিলোমিটার গতিতে চলবে। ট্রেনগুলো ঝেংঝুর মতো প্রধান প্রধান নগরীর ৩৫টি স্টেশনে থামবে। কর্মকর্তারা বলেন, বুলেট ট্রেনটিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
উদ্বোধনের দিন সকালে প্রাথমকিভাবে দ্রুতগতির ট্রেনটি বেইজিং থেকে ছেড়ে ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেয়। চীন সরকার তাদের বিশাল দেশজুড়ে প্রতিনিয়ত দ্রুত গতির ট্রেন চালু করছে। তবে এসব ট্রেনের কারণে দুর্ঘটনা ও এ প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠায় পদক্ষেপটি সমালোচিত হয়েছে।