পাকিস্তানে বাড়ি নির্মাণে ঘুষ দিয়েছিলেন লাদেন
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১২, ২২:১৫
পাকিস্তানের অ্যাবোটাবাদে বাড়ি নির্মাণ করতে রাজস্ব অফিসে ঘুষ দিতে হয়েছিল আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে। অফিসের এক কর্মকর্তাকে ৫০ হাজার রুপি ঘুষ দেয়ার পর বাড়িটি নির্মাণের অনুমতি দেয়া হয়। খবর এনডিটিভির।
পাকিস্তানের উর্দু পত্রিকা জং জানায়, লাদেন তিন তলা বিশিষ্ট বাড়ি, ১৪ ফুট উঁচু দেয়াল এবং একটি লোহার বেড়া দিতে চেয়েছিলেন। লাদেনের ডায়েরির একটি লেখা অনুবাদ করার পর বিষয়টি উঠে আসে। গত বছরের ২ মে পাকিস্তান সামরিক একাডেমির কাছে অ্যাবোটাবাদে মার্কিন নেভি সিলের এক অভিযানে নিহত হন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা আল কায়েদার এই শীর্ষ নেতা। এরপর ঐ বাড়িটি ভেঙ্গে পাকিস্তান সেনাবাহিনী। এ সময় সেনারা ১ লাখ ৩৭ হাজার নথির সঙ্গে এই ডায়েরিটিও পায়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিন লাদেন নিয়মিত ডায়েরি লিখতেন। বাড়িটি নির্মাণে তাকে কীভাবে ঘুষ দিতে হয়েছিল সেই বর্ণনা ডায়েরিতে লিখে রেখেছেন লাদেন। ঘুষ গ্রহণকারী ঐ ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। তবে সে জানিয়েছে, ঘুষ প্রদানকারী ঐ ব্যক্তি যে লাদেন সেই বিষয়টি তিনি জানতেন না। রাজস্ব অফিসে যে ঘুষ দিতে হয় সেই বিষয়টি সম্পর্কে সচেতন ছিলেন লাদেন। এজন্য তিনি ঘুষ দেয়ার বিষয়টি অনুমোদন দিয়েছিলেন।