রাষ্ট্রপতির সাথে সাক্ষাত্ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে সাক্ষাত্ করেছেন। প্রধানমন্ত্রী এ সময় রাষ্ট্রপতির স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান লন্ডনের বুপা ক্রোমওয়েল হাসপাতালে তার মেডিক্যাল চেক-আপের পর মঙ্গলবার দেশে ফিরেছেন। রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিত্সক প্রধানমন্ত্রীকে জানান, জিল্লুর রহমানের স্বাস্থ্য পরিস্থিতি এখন ভাল। রাষ্ট্রপতির স্বাস্থ্য পরিস্থিতির ধীরে ধীরে আরো উন্নতি হবে। শেখ হাসিনা রাষ্ট্রপতির স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি হওয়ায় সন্তোষ প্রকাশ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান। রাষ্ট্রপতি জিল্লুর রহমান তার মেডিক্যাল চেক-আপের জন্য গত ১৬ ডিসেম্বর লন্ডনে যান এবং ২৫ ডিসেম্বর দেশে ফিরেন।