কমলনগরে নিখোঁজ ৭ জেলের একজনের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে গত চারদিন ধরে নিখোঁজ থাকা ট্রলারসহ সাত জেলের মধ্যে শাকিল হাওলাদার নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে মেঘনা নদীর মাঝেরচর এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। গত শনিবার রাতে উপজেলার মতিরহাট মাছঘাট এলাকা থেকে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ওই জেলেরা নিখোঁজ হন। চরকালকিনি ইউনিয়ন পরিষদের সদস্য মেহেদী হাসান লিটন জানান, উপজেলার মতিরহাট মাছঘাট এলাকা থেকে ইঞ্জিনচালিত একটি ট্রলার নিয়ে সাত জেলে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে চারদিনেও ফিরে আসেননি। স্থানীয় জেলেরা খোঁজাখুঁজি করে নদী থেকে জেলে শাকিলের লাশ উদ্ধার করেন। অপর নিখোঁজ ছয় জেলের সন্ধান এখনো পাওয়া যায়নি। নিহত শাকিল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের হায়দরগঞ্জ এলাকার আনোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।